পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পদ্মার চরের ৮০০ একর জমি ব্যবহার করা হবে। এ জন্য ভূমি মন্ত্রণালয় থেকে পরমাণু শক্তি কমিশনে জমি হস্তান্তরের বিষয়টি প্রধানমন্ত্রী নীতিগতভাবে অনুমোদন করেছেন।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির কার্যপত্রে এ তথ্য দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্যানুযায়ী, নকশার ওপর ভিত্তি করে প্রকল্পের জন্য ৬৫৮ দশমিক ১৮ একর অতিরিক্ত জমি দরকার বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে পদ্মা নদীতে জেগে ওঠা চরের ৮০০ একর জমি পরমাণু শক্তি কমিশনের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করেছেন। এর মধ্যে ৪১৯ দশমিক ৯৩ একর জমি কমিশনের কাছে হস্তান্তরের জন্য জরিপ চলছে।
বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, রূপপুর থেকে পদ্মা নদী বেশ দূরে সরে গেছে। নদীর পাশে জেগে ওঠা চরের জমি ভূমি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। সেখান থেকে ৮০০ একর জমি প্রকল্পের জন্য দেওয়া হচ্ছে। এ জন্য সাধারণ মানুষের কোনো জমি দখল করা হবে না।
বৈঠকে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণকাজ শুরুর লক্ষ্যে আন্তরাষ্ট্রীয় ঋণচুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে মোট চাহিদার ১০ ভাগ বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র থেকে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে সংসদীয় কমিটি প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে পদার্থবিদ্যায় পড়াশোনা করা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ২০১১ সালের ১ নভেম্বর বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়। এর ধারাবাহিকতায় ২০১৩ সালের ১৫ জানুয়ারি ৫০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হয়। একই বছরের ২ এপ্রিল প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। চুক্তির শর্তানুযায়ী রাশিয়া প্রকল্প বাস্তবায়নের কাজ করবে।
কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য মোহাম্মদ আমান উল্লাহ্, আয়েন উদ্দিন, নুরুল ইসলাম (মিলন) ও হাজেরা খাতুন এবং বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অংশ নেন।