পদ্মার চোরাবালিতে আটকা পড়ে মৃত্যু কলেজছাত্রের
বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে মো. হিমেল (১৭) নামের রাজশাহীর এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নদীর ফুলতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
হিমেল রাজশাহী নগরের বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে নগরের ধরমপুর এলাকার এনামুল হকের ছেলে। হিমেলের সঙ্গে গোসল করতে গিয়েছিল তার চার বন্ধু। তারা হলো একই কলেজের দ্বাদশ শ্রেণির আবুজর গিফারি, মো. বুখারি ও রিফাত আলী এবং নগরের সিটি কলেজের দ্বাদশ শ্রেণির মুন্না আহমেদ। মুন্নাও নদীতে গোসল করতে নামার পর চোরাবালিতে আটকা পড়েছিল। তবে কোনোক্রমে প্রাণে বেঁচে যায় সে।
মুন্নার বাবা নগরের মির্জাপুর এলাকার বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, মুন্না, হিমেলসহ পাঁচ বন্ধু মিলে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর ফুলতলা এলাকায় গোসল করতে যায়। পানিতে নামার পর একপর্যায়ে হিমেল চোরাবালিতে আটকা পড়ে তলিয়ে যেতে থাকে। তাকে উদ্ধার করতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে মুন্নাও তলিয়ে যেতে থাকে। চোরাবালির বিষয়টি বোঝার পর সে হিমেলকে ছেড়ে দিয়ে উল্টো সাঁতার কেটে কোনোক্রমে প্রাণ নিয়ে তীরে ফিরতে পেরেছে। তবে হিমেলকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
মোস্তাক বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর টানা তল্লাশি চালিয়েও হিমেলের অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় জেলেরা জাল ফেলে তার অবস্থান শনাক্ত করেন। এরপর জেলেরাই হিমেলের লাশ উদ্ধার করেন। লাশ বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে গতকাল রাতেই দাফনের কথা ছিল।