পদ্মার তীর থেকে মাটি কাটায় ভাঙনের শঙ্কা
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাটসংলগ্ন টেপুরাকান্দি এলাকায় পদ্মা নদীর তীর থেকে গভীর করে মাটি কাটা হচ্ছে৷ এ কারণে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় ভাঙনের আশঙ্কা করা হচ্ছে৷
গত শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, টেপুরাকান্দি এলাকার গোলডাঙ্গি সেতু থেকে শুরু করে পদ্মার তীর পর্যন্ত উত্তর-দক্ষিণে প্রায় ৩০০ মিটার প্রস্থ এবং পূর্ব-পশ্চিমে প্রায় এক কিলোমিটার অংশের বিস্তীর্ণ জায়গাজুড়ে মাটি কেটে নেওয়া হচ্ছে৷ নদীর তীরের মাটি খননযন্ত্রের সাহায্যে কেটে ট্রাকে ভরা হচ্ছে৷ মাটি কাটার কাজে নিয়োজিত সোহেল মৃধা বলেন, খননযন্ত্রের সাহায্যে প্রতিদিন ২৮ থেকে ৩০ ট্রাক মাটি কাটা হচ্ছে৷ প্রতি ট্রাক মাটি কাটা ও ট্রাকে বোঝাই করা বাবদ খননযন্ত্রের মালিক ১৬০ টাকা এবং জমির মালিকেরা ৬০ টাকা পান৷ এ কাজের তদারকে নিয়োজিত সালাম ব্যাপারী বলেন, ‘আমি প্রতিদিন ট্রাকের হিসাব রাখি৷ এই মাটি জেলা শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে৷’ এ ব্যাপারে নদীর তীরের ওই জমির মালিক খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
ওই এলাকার বাসিন্দা পদ্মার তীরসংলগ্ন একটি জামির মালিক মো. সলেমান বলেন, প্রতিবছরই তাঁরা কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত নদীর পারের জমি মাটি কাটার জন্য ইজারা দেন৷ আবার বর্ষা মৌসুম শুরু হলে পানির সঙ্গে পলিমাটি এসে সব জায়গা ভরাট হয়ে যায়৷ নদীর পাড়ের জায়গা কীভাবে ব্যক্তিমালিকানাধীন হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জমি নদীতে ভেঙে গিয়েছিল৷ পরে চর পড়ার পর আমাদের নামে রেকর্ড করা হয়েছে৷’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, ইজারা নিয়ে ব্যবসায়ীরা গভীর গর্ত করে মাটি কাটেন৷ জামির মালিকেরা ইজারাদারদের সঙ্গে সেভাবেই চুক্তি করেন৷ এ কারণে নদীর তীর নষ্ট হচ্ছে৷ এলাকাবাসী এ ব্যাপারে বহুবার প্রশাসনের সাহায্য চেয়েছে৷ প্রশাসনের কর্মকর্তারা এসে নদীর পাড়ের কতটুক ভেতর থেকে এবং কতটুকু গভীর করে মাটি কাটা যাবে, সে ব্যাপারে দিকনির্দেশনা দিয়ে যান৷ কিন্তু ওই নির্দেশনা কেউ মানেন না৷
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, নদীর তীরের মাটি কাটা হলে আগামী বর্ষায় পাড় এলাকায় ভাঙন দেখা দিতে পারে৷ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, ‘নদীর তীরের মাটি কোনোভাবেই কাটতে দেওয়া যাবে না৷ আমি অতি দ্রুত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেব৷’