পদ্মার তীর সংরক্ষণ বাঁধের তিন স্থানে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের পদ্মা নদীর তীর সংরক্ষণ ঢালের প্রায় ১৫০ মিটার ধসে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নিয়ম মেনে কাজ না করায় এই ধসের সৃষ্টি হয়েছে।
১৩ সেপ্টেম্বর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের মৌলভীর ঘাটের পশ্চিম দিকে প্রথমে একটি ধসের সৃষ্টি হয়। ওই ধসের পাশে সম্প্রতি আরও দুটি স্থানে ধসের সৃষ্টি হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের আওতায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ করা হয়। ২৩টি প্যাকেজের আওতায় মোট ৪৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণের কাজ ২০০৯ সালের জুনে শুরু হয়। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার থেকে দাদশী ইউনিয়নের বোলতা গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার ৪০০ মিটার এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের টেংরাপাড়ায় পদ্মার তীরের ঢাল ৪০০ মিটার ব্লক দিয়ে বাঁধাই করা হয়। ২০০৯ সালে শুরু হওয়া এই কাজ ২০১১ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় তা শেষ হয় ২০১২ সালের জুন মাসে। ধসে যাওয়া ওই অংশের কাজ করে কুষ্টিয়ার ঠিকাদারিপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং।
স্থানীয় ধুঞ্চি গ্রামের বাসিন্দা রাতুল আহমেদ জানান, গত বছর বালু তোলার ফলে এখানে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। নদীতে পানি বাড়ার পর এখানে হঠাৎ করেই ধসে যায়। এমন অবস্থায় পানি বাড়লে পাড় ভেঙে ফসলি জমিসহ বসতবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
স্থানীয় বাসিন্দা আব্বাস আলী জানান, নদী ভাঙনের ফলে কয়েক বছরে প্রায় দুই মাইল ভেতরে চলে এসেছে। বালু তোলার ফলে তীর সংরক্ষণ বাঁধ ধসে পড়লে অচিরেই বেড়িবাঁধের ওপর প্রভাব পড়বে। তখন নদীর তীরের মানুষই নয় শহরের মানুষও হুমকির মুখে পড়বে।
এলাকাবাসী অভিযোগ করেন, নদীর তীর সংরক্ষণের কাজ চলার সময় একাধিকবার ধসের ঘটনা ঘটে। এ সময় কর্তৃপক্ষ জানিয়েছিল কাজ বুঝিয়ে দেওয়ার পর আর কোনো সমস্যা হবে না। এ ছাড়া সরকারি দলের ছত্রচ্ছায়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হয়। সব মিলিয়ে এসব ধসের ঘটনা ঘটছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আউয়াল মিয়া জানান, বালু তোলায় বাঁধের কোনো ক্ষতি হয়নি। তীর সংরক্ষণের জন্য জরুরি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্লক তৈরি করে রাখা রয়েছে। যেটুকু অংশের ক্ষতি হয়েছে তা তেমন ভয়াবহ নয়। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার কাজ চলছে।
স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী জানান, ধসে যাওয়া অংশের মেরামতের জন্য পাউবোকেবলা হয়েছে।