পদ্মার তীরে বেড়া দেওয়ার প্রতিবাদে সংগীতসন্ধ্যা
রাজশাহীতে লালন শাহ পার্কের জন্য পদ্মা নদীর তীরে কাঁটাতারের বেড়া দেওয়ায় গান গেয়ে প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীনতা চর্চা কেন্দ্র। গতকাল শনিবার লালন শাহ মঞ্চে ওই প্রতিবাদী সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
‘চিরায়ত উন্মুক্ত পদ্মার দাবিতে নদীর গান’ নামে গতকাল ওই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ
করে স্বাক্ষর সংগ্রহ করছে নবজাগরণ মঞ্চ নামের আরেকটি সামাজিক সংগঠন।
স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক জুলকার নাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সদস্য রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক মাহফুজুর রহমান, নাজমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে দুটি সাংস্কৃতিক সংগঠন নদী, মাটি ও মানুষের বিভিন্ন গান পরিবেশন করে। গানের ফাঁকে ফাঁকে আলোচকেরা বলেন, পদ্মা নদীর পাড়ে কাঁটাতারের বেড়া দিয়ে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা কখনোই মেনে নেওয়া হবে না। পদ্মার স্বাভাবিক রূপ নষ্ট করে এখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হবে না।
রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের পাঠানপাড়া এলাকায় আড়াই বছর আগে নির্মাণ করা হয় লালন শাহ পার্ক। সে সময় এই পার্কে একটি ওপেন থিয়েটার, একটি ফুড কোর্ট, দুটি কফি শপ ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ঘরগুলোতে এখনো কোনো দোকান চালু হয়নি। এরই মধ্যে নদীর ধার দিয়ে প্রায় আধা কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এখানে প্রবেশমূল্য চালু করতে যাচ্ছে। এর প্রতিবাদে স্বাধীনতা চর্চা কেন্দ্র প্রথম গত ৩০ অক্টোবর মানববন্ধন করে।