পদ্মার দুপাড়ে শোক, স্বজন হারানোর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক শ মানুষ স্বজনের অপেক্ষায় পদ্মার দুই পাড়ে ভিড় করেছেন। তাঁদের কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ ভাই, কেউ বোন, কেউ সন্তান, কেউ স্বামী, কেউবা স্ত্রী।
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুজ কাজী অসুস্থ হয়ে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের মাদ্রাজে পাঠাতে হবে। সবুজকে বিদায় জানাতে তাঁর মা হিরন্নেছা (৬২), ভাই স্বপন কাজী, ভগ্নিপতি জাহিদ হাওলাদার, স্ত্রী তিশা ময়না (৩০), ৯ মাস বয়সী ছেলে তৌফিক, শ্যালক আলামিন (২২) সোমবার সকালে কাওড়াকান্দি ঘাট থেকে পিনাক-৬ লঞ্চযোগে রওনা হন। এঁদের মধ্যে স্বপন কাজী ও জাহিদ হাওলাদার সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা কেউ জানে না।
সবুজ কাজীর চাচাতো ভাই শহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আদৌ তাঁদের খুঁজে পাওয়া যাবে কি না, আল্লাহই জানে।’
শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর সরদারকান্দি গ্রামে বাড়ির উঠানে বিলাপ করছিলেন সূর্যবান বেগম (৮০)। গতকাল দুপুরে তাঁর বাড়িতে গেলে প্রথম আলোর প্রতিবেদককে জড়িয়ে তিনি কান্না জুড়ে দেন। ক্ষোভের সঙ্গে বলতে থাকেন, ‘আজ দুই দিন হইল, এখনো আমার মাইয়া ও দুই নাতনির সন্ধান দিতে পারে নাই কেউ। সরকার কেন তাদের খুইজা পায় না।’
সূর্যবান বেগমের মেয়ে জাহানারা (৪০) তাঁর দুই মেয়ে হালিমা (২০) ও তানজিমাকে (১৪) নিয়ে ঈদের পরদিন ভাতিজির বিয়েতে যোগ দিতে গ্রামের বাড়িতে আসেন। সোমবার সকালে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশে তাঁরা কাঁঠালবাড়ী ঘাট থেকে পিনাক-৬ লঞ্চে করে রওনা হন।
কেউ আবার ছবি নিয়ে আপনজনকে খুঁজতে এসেছেন। এমন একজন ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার বৃদ্ধ শাহানা বেগম। খুঁজতে এসেছেন তাঁর মেয়ে, মেয়ের জামাই, নাতি ও নাতনিকে। পরিবারের চারজনকে হারিয়ে শাহানার আহাজারীতে মাওয়া ঘাটের আশপাশে লোকজনের ভিড় জমে যায়। শাহানা বেগম বিলাপ করছেন, ‘মায়ের ইচ্ছা ছিল দুই মেয়ের একজনকে ডাক্তার আর একজনকে উকিল (আইনজীবী) বানাইব। সব স্বপ্নই শেষ।’
শাহানার মেয়ে রোকসানা, স্বামী মিজানুর রহমান ঢাকার মহাখালীতে ফুটপাতে পোশাক বিক্রি করেন। এই দম্পতির মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মিলি আক্তার (৯)। একমাত্র ছেলে মুহিন (২)। মাদারীপুরের শীবচরের কাওড়াকান্দি পাঁচচর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করে রোকসানা পরিবার নিয়ে ঢাকায় ফিরছিলেন।
মাদারীপুর সদর উপজেলার শিলারচর গ্রামের রাজীব ব্যাপারী (২৮), তাঁর স্ত্রী লিপি বেগম (২২) ও তাঁদের দুই বছরের ছেলে লাফিনও ওই লঞ্চে ছিলেন। কেউ জানে না তাঁদের ভাগ্যে কী ঘটেছে।
রাজীব ব্যাপারীর চাচা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা স্বজন হারিয়েছি। এ শোক সইতে পারছি না। প্রশাসন কেন দ্রুত তাদের উদ্ধারের উদ্যোগ নিচ্ছে না।’
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের এমদাদুল হক থাকেন ঢাকার নতুনবাজার এলাকায়। ডুবে যাওয়া লঞ্চে তাঁর স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও ভাতিজা ছিলেন। কিন্তু এক ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও অন্যরা এখনো নিখোঁজ। তাঁদের হারিয়ে পাগলপ্রায় এমদাদুল। তিনি মাওয়া ঘাটে বলেন, ‘২৪ ঘণ্টা তো পার হলো। কাউকে তো পাই না। নাম দিয়ে কী হবে। সবাই আসছে, নাম লিখছে, কারও লাশও তো পাওয়া যাচ্ছে না।’
একদিন কেটে গেল, তবু প্রিয় মানুষগুলোর দেখা মিলল না। তাদের সন্ধানে গতকাল দিনব্যাপী পদ্মায় লঞ্চ ও ট্রলার নিয়ে অনেককে তল্লাশি করতে দেখা গেছে।