পদ্মার নিচে সেই প্রাচীন স্থাপত্যের আলোকচিত্র ধারণ
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার পানির নিচে সন্ধান পাওয়া সেই প্রাচীন স্থাপত্য নিদর্শনের একটি অংশের আলোকচিত্র ধারণ করা হয়েছে। পানির নিচে ছবি তোলার কাজে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন এক্সট্রিম বাংলার সদস্যরা গতকাল শুক্রবার এ চিত্র ধারণ করেন। তবে স্রোত ও অস্বচ্ছ পানির কারণে তাঁরা স্থাপনাটির ভিডিও করতে পারেননি।সকালে প্রত্নতত্ত্ব বিভাগের আমন্ত্রণে এক্সট্রিম বাংলার কাজী হামিদুল হক, সালমান সাঈদ ও মুনতাসির মামুন উপজেলার চকরাজাপুরে পদ্মা নদীতে আসেন।এক্সট্রিম বাংলার সদস্য মুনতাসির মামুন প্রথম আলোকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানির নিচে দুটি স্থাপনার ছবি তোলার কাজ চলে। কিন্তু স্রোতের কারণে তা বারবার ব্যাহত হয়। আগের রাতে বৃষ্টি হওয়ার কারণে পানিও কিছুটা অস্বচ্ছ ছিল। এ কারণে শেষ পর্যন্ত দুটি ছবি তোলা সম্ভব হলেও তা অস্পষ্ট রয়ে যায়। তিনি বলেন, স্থাপনা দুটি চুন-সুরকির গাঁথুনিতে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এর বেশির ভাগ অংশই বালুতে ঢাকা। বালু সরালেই স্থাপনার ইটের দেখা মিলছে। দলের প্রধান কাজী হামিদুল হক বলেন, এমন স্রোতে ছবি তোলার মতো প্রযুক্তি বাংলাদেশে নেই। প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক বদরুল আলম জানান, প্রত্নতত্ত্ব বিভাগের আমন্ত্রণে এক্সট্রিম বাংলার সদস্যরা ছবি তোলার কাজে আসেন। সেখানে তিনিসহ উপস্থিত ছিলেন প্রধান চিত্রগ্রাহক তৌফিকুন্নবীসহ আটজনের একটি দল এবং রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুক্তার হোসেন ও মোহাম্মদ আলী। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা পানির নিচে চিত্র ধারণ করার জন্য পারদর্শী একটি দলকে সেখানে পাঠিয়েছিলাম। তাদের তোলা ছবি বিশেষজ্ঞরা দেখবেন। প্রয়োজনে তা প্রকাশ করা হবে।’ এদিকে গতকালও হাজার হাজার মানুষ পানির নিচের স্থাপনা দেখার জন্য সেখানে ভিড় করেছে। এখনো পর্যন্ত স্থাপনার খুব সামান্য একটি অংশ জেগে রয়েছে। সেখানে উৎসাহী দর্শনার্থীদের থামাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। দায়িত্বরত বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মুনসুর হাবিব বলেন, উৎসাহী মানুষকে কিছুতে বোঝানো যাচ্ছে না। তারা নৌকায় করে স্থাপনাটির কাছে এসে দেখতে চাইছে। গত মার্চের শেষ সপ্তাহে স্থাপনাটি স্থানীয় জেলেদের চোখে পড়ে।