পদ্মার পানি কমছে ভাঙছে বাড়ি-জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই কোনো না কোনো পরিবার ভাঙনের কারণে সব হারিয়ে অন্যত্র সরে যাচ্ছে। চলতি মাসে দেবগ্রাম ইউনিয়নের চর দেলন্দি গ্রামের প্রায় দেড় শ পরিবার ভাঙনের শিকার হয়ে এখন অন্যত্র বসবাস করছে। এ রকম অনেক পরিবার এ পর্যন্ত তিন-চারবার নদীভাঙনের শিকার হয়েছে। আছমা বেগম, হাজরা বেগম, খোদেজা বেগমসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ পর্যন্ত কোনো মেম্বর-চেয়ারম্যান আমাগো কারোরই খোঁজ নেয়নি। আবার ভোটের সময় আসুক, তখন পাবানে।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাজাহান সরদার বলেন, গত ১০ বছরে দেবগ্রাম ইউনিয়নের পুরুলী, পানৈর, ছোট গোয়ালন্দ, ফুইস্যা হাট, বড়বিলা, বড়সিঙ্গা, কামারডাঙ্গী, শীতলপুর, বাগাবাড়ী, শাজাপুর, ভবানীপুর, গোপালপুরসহ প্রায় ১৫টি মৌজা বিলীন হয়েছে। এ বছরও ইউনিয়নের চর দেলন্দি ও শাজাপুর গ্রামের যে কয়েকটা বাড়ি ছিল তা ভেঙে গ্রাম দুটি শেষ হয়ে গেছে। সম্প্রতি ভাঙনের শিকার প্রায় ৪০টি পরিবারের নাম দেওয়া হলেও তারা এখনো কিছু পায়নি। নতুন করে আবার তালিকা করা হবে। দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ভাঙনের কারণে দেবগ্রাম ইউনিয়নের আয়তন অর্ধেক কমে গেছে। এক মাস আগে ১৮৬টি পরিবার নদীতে বিলীন এবং আরও প্রায় ২০০ পরিবার ভাঙন-আতঙ্কে অন্যত্র চলে গেছে। এসব পরিবারের তিন শতাধিক বিঘা জমি বিলীন হয়েছে। নতুন আরও ৫০-৬০টি পরিবার ভাঙনের শিকার হয়েছে। এসব তালিকা করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে জমা দেওয়া হবে।