পদ্মার পানি পাবে রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীবাসীর জন্য পদ্মার পানি আসবে। পদ্মার সেই পানি বিশুদ্ধ করার জন্য মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি শোধনাগার নির্মাণ করা হবে। পরে প্রায় সাড়ে ৩২ কিলোমিটার সঞ্চালন লাইন দিয়ে পদ্মার পানি ঢাকায় আনা হবে।
পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (১ম পর্যায়) নামের এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন হাজার ৫০৯ কোটি টাকার এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পানি শোধনাগারে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন করা যাবে। ফলে এই পানি ঢাকা ওয়াসার সঞ্চালন লাইনে সরবরাহ করা সম্ভব হবে। সংস্থাটি বর্তমানে ঢাকায় ২২০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২০০ কোটি লিটার পানি সরবরাহ করছে।
এই প্রকল্পে চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে দুই হাজার ৪১৩ কোটি টাকার ঋণ পাওয়া যাবে। গত ৭ মে দুই পক্ষের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকার দেবে এক হাজার ৭৩ কোটি টাকা। ঢাকা ওয়াসা দেবে ২২ কোটি টাকা। ২০১৬ সালের জুন মাসে প্রকল্পটি শেষ হবে।
সভায় ৮৪ কোটি টাকার জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের সেবা দেওয়ার জন্য রাজধানীর মিরপুরে একটি জাতীয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এটি জেলা পর্যায়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কেন্দ্রীয় কমপ্লেক্স হিসেবে কাজ করবে। বিশেষ শিক্ষাকেন্দ্র ও স্কুল কমপ্লেক্স ছাড়াও এখানে প্রতিবন্ধীবিষয়ক গবেষণা, উচ্চতর সেবা ও প্রশিক্ষণের সুযোগ থাকবে।
গতকালের সভায় নয় হাজার ৫৮১ কোটি টাকার মোট ১২টি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প ব্যয়ের চার হাজার ৩৮০ কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং পাঁচ হাজার ২০১ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।
অনুমোদিত অন্য কয়েকটি প্রকল্প হলো ৪৬ কোটি টাকার জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্প, ৪৫ কোটি টাকার চাষি পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেঁয়াজবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, ১৩৪ কোটি টাকার বিএডিসির বিদ্যমান সারের গুদামগুলোর রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন ও সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প, ৯১ কোটি টাকার মির্জাপুর-ওয়ার্সি-বালিয়া সড়ক নির্মাণ প্রকল্প, ৪০ কোটি টাকার শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, ৩৯ কোটি টাকার পাবনা বিসিক শিল্প নগর সম্প্রসারণ প্রকল্প।
সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।