পদ্মার পানিতে চার হাজার একরের ফসল ক্ষতিগ্রস্ত
পদ্মায় জোয়ারের চাপে হঠাত্ করে পানি বাড়ায় ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার অনেক ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে গত কয়েক দিনে এ দুই উপজেলার চার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর কার্যালয়ের অধীনে রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টের পদ্মায় পানি মাপার দায়িত্বে নিয়োজিত কর্মী (গেজ রিডার) মো. শাহীন জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি নয় সেন্টিমিটার বেড়েছে।সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য সময়ের চাইতে এ বছর অনেক আগে জোয়ারের পানি আসায়, নিম্ন এলাকার ফসলের ক্ষতি হয়েছে। ইউনিয়নের পালডাঙ্গী, ব্যাপারীর ডাঙ্গী ও গেন্দু মোল্লারহাট এলাকার ৪০০ একর জমির বাদামখেত পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ৬০ একর জমির বোরো ধান বিনষ্ট হয়েছে। উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের দিয়ারা গোপালপুর, চর ঝাউকান্দা ইউনিয়নের চর মির্জাপুর, চর কালকিনীপুর, চর তাহেরপুর, উত্তর নবাবগঞ্জ, চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর, আমিন খাঁর হাট এলাকা এবং গাজীরটেক ইউনিয়নের চর মোহন মিয়া, চর হোসেনপুর, বালাডাঙ্গী ও জয়দেব সরকারের ডাঙ্গী এলাকার মাঠের ফসল তলিয়ে গেছে। এর মধ্যে সদর ইউনিয়নের প্রায় ৩০০ একর, চর ঝাউকান্দা ইউনিয়নের প্রায় এক হাজার ৫০০ একর, গাজীরটেক ইউনিয়নের প্রায় ৮০০ একর ও চর হরিরামপুরের প্রায় ৯০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, পানি বাড়ায় উপজেলার প্রায় ১৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।