পদ্মার পাড়ে নতুন জীবিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুর নির্মাণকাজকে ঘিরে ছোট বড় বেশ কিছু কর্মক্ষেত্র তৈরি হয়েছে। অনেকের আয়ের পথ খুলেছে। ছবি: জাহিদুল করিম
পদ্মা সেতুর নির্মাণকাজকে ঘিরে ছোট বড় বেশ কিছু কর্মক্ষেত্র তৈরি হয়েছে। অনেকের আয়ের পথ খুলেছে। ছবি: জাহিদুল করিম

‘কুনো চিন্তা নাই। দিনে কাম করি। বেতনও ভালো। এলাকায় অনেক দিন বইসা আছিলাম। পুলাপাইনের লেখাপড়ার খরচ দিবার পারি নাই। অখন আর সমস্যা হইতাছে না।’
চায়ে চুমুক দিতে দিতে ফুরফুরে মেজাজে এ কথা বলেন সাইফুল মিয়া। টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে এসেছেন তিনি। পদ্মার পাড়ে দুমাস ধরে কাজ করছেন। শরীয়তপুরের জাজিরা নাওডোবা এলাকায় আছেন তিনি। প্দ্মা সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞে তিনিও মিশে গেছেন। গ্রামের একজনের মাধ্যমে খোঁজ পেয়েছিলেন এ কাজের। এখন প্রতি মাসে সাড়ে ১৪ হাজার টাকা করে বেতন পাচ্ছেন। এতে খুশি সাইফুল।
সাইফুলের মতো আরও অনেকে এসেছেন জীবিকার খোঁজে। বেকার বসে থেকে যাঁরা কষ্ট করছিলেন, তাঁদের এখন আয়ের পথ খুলেছে। কেউ এসেছেন কুষ্টিয়া থেকে, কেউবা যশোর, রংপুর ও বাগেরহাট থেকে। পদ্মা সেতুর নির্মাণকাজকে ঘিরে ছোট বড় বেশ কিছু কর্মক্ষেত্র তৈরি হয়েছে। সেখানে এই শ্রমিকেরা কেউ দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন, কেউ কাজ করছেন মাসিক বেতনে।
গত শুক্রবার পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ড-সংলগ্ন নদীর পারে গিয়ে দেখা যায়, প্রায় ১৫০ জন শ্রমিকের তাঁবু। সেখানেই রান্না-বান্না। নাওয়া-ধোয়া নদীতেই। জাহাজে আসা বিভিন্ন ধরনের মালামাল নামান তাঁরা। তাঁদেরই একজন রমজান আলী। বাড়ি যশোর। এর আগে মুন্সীগঞ্জের মুক্তারপুরে কাজ করতেন। আরও ভালো আয়ের খোঁজ পেয়ে এখানে এসেছেন। জাহাজ থেকে টুকরিতে করে মাল নামান। প্রতি টুকরির জন্য দুই টাকা করে পান। এতে সারা দিনে ৩০০ থেকে ৭০০ টাকা আয় হয়।
সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডেও অনেক শ্রমিক কাজ করছেন। তাঁদের কেউ মাটি কাটছেন, কেউ নদীর তির-সংলগ্ন রাস্তা তৈরির জন্য যে বাঁধ দেওয়া হচ্ছে, সেখানে বস্তা এগিয়ে দিচ্ছেন। কনস্ট্রাকশন ইয়ার্ডে একাধিক শ্রমিকের সঙ্গে কথা হয়। তাঁদের কয়েকজন জানান, মাসিক ১১ হাজার টাকা বেতনে এখানে কাজ করেন। কেউ কেউ কন্সট্রাকশন ইয়ার্ডের ভেতরেই তাঁবু টাঙিয়ে থাকেন। আবার কেউ আশপাশের এলাকায় ঘর ভাড়া নিয়েছেন। ভাড়া এক হাজার ২০০ টাকা থেকে দু হাজার টাকা।
কথা হয় জাহাঙ্গীর নামের একজন শ্রমিকের সঙ্গে। দুমাস ধরে কাজ করছেন তিনি। নয় হাজার টাকা বেতন।

সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে অনেক শ্রমিক কাজ করছেন। ছবি: জাহিদুল করিম
সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে অনেক শ্রমিক কাজ করছেন। ছবি: জাহিদুল করিম

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ট্রাক থেকে ইট নামানোর কাজ করছিলেন কুষ্টিয়ার মিরপুরের জাহিদ ও হাসান, রংপুরের পীরগঞ্জের ইলিয়াস। কথা হলো তাঁদের সঙ্গে। নয় মাস আগে এখানে কাজ পেয়েছেন। মাসে বেতন সাড়ে ১১ হাজার টাকা। এই বেতনে খুব খুশি। সন্ধ্যায় কাজ থাকে না, ফলে গল্পগুজব করার সময় মেলে। দিন এনে দিন খাওয়ারও দুর্ভাবনা নেই। সবমিলিয়ে মেজাজও ফুরফুরে।
শ্রমিকদের বিপুল কর্মযজ্ঞ হওয়ার কারণে স্থানীয় বাজারগুলোতেও এর প্রভাব পড়েছে। শ্রমিকদের তত্ত্বাবধায়ক পাবনার মাসুদুল করিমের তথ্যমতে, আগে এই এলাকায় তেমন ভালো খাবার পাওয়া যেত না। এখন এখানে অনেক মানুষ কাজ করছে, তাঁদের থাকতেও হচ্ছে। এতে স্থানীয় বাজারগুলোতে আগের চেয়ে ভালো খাবার পাওয়া যাচ্ছে।