পদ্মার পাড় ও ফসলি জমির বালু-মাটি কেটে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের পাশে পদ্মা নদীর পাড় ও ফসলি জমির বালু-মাটি কেটে দীর্ঘদিন ধরে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। অথচ বিষয়টি স্থানীয় প্রশাসনের কেউ জানেন না।রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক বলেন, ফসলি জমির বালু-মাটি কেটে নেওয়া সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। মাটি ও বালু কেটে নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। কেউ কেটে থাকলে ঠিক হচ্ছে না। বিষয়টি দেখার কথা প্রশাসনের। দিন দিন এভাবে ফসলি জমির মাটি কেটে নেওয়ায় অনেক আবাদি জমি কমে আসছে বলে মন্তব্য করেন তিনি।সরেজমিনে দেখা গেছে, বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা নদী। নদীতে জেগে উঠেছে বিশাল চর। আর এই চরের বুকজুড়ে স্থানীয় কৃষকেরা আবাদ করেছেন টমেটো, উচ্ছে, বেগুন, ঝিঙে, ধনেগাছসহ বিভিন্ন ধরনের সবজি। এসব খেতের মাটি ও বালু প্রতিদিন প্রায় ১০০ ট্রাকে করে কেটে নিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা ও মহাজনের কাছে।মাটিকাটায় নিয়োজিত শ্রমিক শুকুর আলী (৪০) ও আলাউদ্দিন শেখ (৪৫) জানান, রশিদ মাতুব্বর, আলম শেখ, পারভেজ শেখ, আলো, এরশাদ, মালেক ও বাচ্চু এসব মাটি কিনে বাইরে বিক্রি করেন। প্রতিদিন ৫০-৬০ জন শ্রমিক এখানে মাটিকাটার কাজ করছেন। ট্রাকচালক সালাম শেখ (৪০) জানান, প্রতি ট্রাক বালু ৬০-৭০ এবং মাটি ১২০ টাকায় কিনে বাইরে বিক্রি করে দেন তাঁরা। প্রতিদিন এখান থেকে ৬০-৭০ ট্রাক বালু-মাটি বিক্রি করা হয়।অভিযোগের বিষয়ে আবদুর রশিদ শেখ ওরফে রশিদ মাতুব্বর ও পারভেজ শেখ বলেন, নদীর মাটি কাটা হচ্ছে তাঁদের নিজস্ব জমি ও আশপাশের কয়েকজনের কাছ থেকে কিনে নিয়ে। কয়েক দিন আগে স্থানীয় জলিল শেখের কাছ থেকে ১০ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি কিনে সেখান থেকে মাটি কাটা হচ্ছে। ফসলি জমির বালু-মাটি কাটার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের করার কী আছে? মানুষ মনে করে, বছরের অর্ধেক সময় জমি পানির নিচে থাকার চেয়ে বিক্রি করে দেওয়া ভালো। আমরা অবৈধভাবে কারও মাটি কাটছি না।’রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরাদুল হক বলেন, বরাটের উড়াকান্দা এলাকার পদ্মা নদীর পাড় বা ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।