>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।
১৯৭১ সালের ১২ এপ্রিল। রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় ব্যাপক হত্যা আর ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। এই গণহত্যার ৪৪ বছর পর ২০১৫ সালে বিড়ালদহে ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’ নির্মাণ করা হয়। সেখানে বর্তমানে দুটি নামফলকে ১১৮ জন শহীদের নাম আছে।
তবে ওই সময়ের প্রত্যক্ষদর্শী কদম আলী সরদার বলছিলেন, ‘নামফলকের তালিকার চেয়েও অনেক বেশি মানুষ মারা গেছে। রাজশাহী ও আশপাশের কিছু মানুষ বিড়ালদহে এসেছিল, তারাও মারা গেছে। কিন্তু তাদের তালিকা নেই। বিড়ালদহ এলাকার এখানে-ওখানে মানুষের লাশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। চারদিকে শিয়াল ডাকত আর মানুষের মাংস খেত। কাছে গেলে শিয়াল মানুষের দিকে তেড়ে আসত।’
১২ এপ্রিল পুঠিয়ার বিড়ালদহ এবং তার আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ আর হত্যাকাণ্ড চালানোর পর রাজশাহীতে চলে যায় পাকিস্তানি সেনারা। সেখানে রাত কাটিয়ে ১৩ এপ্রিল তারা চারঘাটের দিকে যাত্রা শুরু করে। সেখানে পুলিশ একাডেমির পাশে থানাপাড়ায় চালায় আরেক গণহত্যা।
ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কদম আলীর বয়স মুক্তিযুদ্ধের সময় ছিল ২২ বছর। বিড়ালদহ বাজারে নিজ বাড়িতে প্রথম আলোর কাছে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি। কদম আলী বলেন, ১২ এপ্রিল দেখি সারি সারি পাকিস্তানি সেনারা বিড়ালদহের দিকে এগিয়ে আসছে আর প্রচণ্ড গুলি ছুড়ছে।
আশপাশের এলাকায় পালিয়ে থেকে দুই দিন পর বাড়িতে আসেন কদম আলী। এসে তিনি দেখলেন, ‘আমাদের বাড়িতে গরু রাখার জন্য যে বিরাট ঘর ছিল, গরুসহ সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার দাদি মেরজান বিবির ৮০-৮৫ বছর বয়স হবে। তিনি বাড়িতে ছিলেন। তাঁকে গুলি করে মেরে ফেলে। আমাদের বাড়ির পাশেই ফুফুর বাড়ি ছিল। সেখানেও তাঁকে গুলি করে মেরেছে। আরও অনেক লোক মেরে ফেলেছে।’
স্মৃতি হাতড়াতে হাতড়াতে কদম আলী সরদার বলেন, ‘আজিমুদ্দি ভাই, আজহার চাচা, দুলাল মামু, আফা চাচা, হোসেন, এমাজ, মফেজ, মফেজের বউসহ বহু লোক মারা যায়। মাদ্রাসা ছিল গ্রামে। মাদ্রাসা থেকে কিছু লোক বের হয়েছিল, সেখানেও তাদের মারে। পাশের পাড়ায় মিন্নোজ সরকার নামের ৮০-৯০ বছরের এক বয়স্ক লোক ছিল। পাকিস্তানি বাহিনীরা তাকে মেরেছে। তার স্ত্রীকে মেরেছে, তার ছেলেকে মেরেছে, ছেলের বউ ও দুই নাতিকে মেরেছে।’
১৯৭১ সালের কিশোর ওয়াজেদ আলী মণ্ডল কৃষিকাজ করতেন। যুদ্ধের সময় তিনি ইপিআরদের খাবার সরবরাহ করতেন। ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ১২ এপ্রিল বৃষ্টির মতো গুলি ছুড়তে ছুড়তে পাকিস্তানি সেনারা এগিয়ে আসে রাজশাহীর দিকে। শেলের আঘাতে মুক্তিযোদ্ধারা পিছু হটতে থাকে। তারপর পাকিস্তানি সেনাদের গুলিতে শত শত মানুষ মরে।
চারঘাটের থানাপাড়া সোয়ালজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রায়হান আলীর বয়স তখন ছিল ১৩ বছর। ওই গণহত্যায় তিনি তাঁর তিন বছর বয়সী ভাইকে হারিয়েছেন।
রায়হান আলী প্রথম আলোকে বলেন, ১৩ এপ্রিল দুপুরে পুরো গ্রামের মানুষ পদ্মার কিনারে আশ্রয় নিয়েছিল। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীও লোকজনকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়।
নদীর ধারে আশ্রয় নেওয়া মানুষগুলোর সঙ্গে রায়হান আলীর মা, বাবা, বড় ভাইও ছিলেন। রায়হান আলী বলেন, ‘ওরা এসে সবাইকে ইশারা করল ওপরে উঠে আসতে। তারপর সবাই আমরা উঠে আসলাম। এরপর তারা ইশারা করল ছেলেরা একদিকে যাও, মেয়েরা একদিকে যাও। আমিও ছেলেদের দলে গিয়ে আব্বার পাশে বসলাম। কিছুক্ষণ পরে এক আর্মি এসে আমাকে ইশারা করল, মেয়েদের দলে যাও। আমি যাচ্ছি না। তখন সে এসে আমার হাত ধরে তুলে পাঠিয়ে দিল। আমি মায়ের কাছে আসলাম। একটু পরে মেয়েদের দলকে বলল বাড়ি চলে যেতে; পুরুষদের পরে পাঠিয়ে দেওয়া হবে। আমরা বাড়ি চলে আসলাম। সন্ধ্যার দিকে গুলির আওয়াজ পেলাম বাড়ি থেকে। রাতে আব্বা আহত হয়ে বাড়িতে আসলেন।’
বাবার কাছ থেকে তিনি শুনেছেন, নদীর ধারে আর্মিরা চারদিকে দাঁড়িয়ে সবাইকে গুলি করে মারে। প্রথম গুলি হওয়ার পরে কিছু লোক গুলি লেগে যখন পড়ে যায়, মৃতদেহের নিচে দু-একজন ছিল, যারা জীবিত ছিল। প্রথম গুলি করে পাকিস্তানি আর্মিরা যখন চলে যায়, তখন যারা বেঁচে ছিল, তারা মৃতদেহের ভেতর থেকে বের হয়ে নদীর ধারের দিকে দৌড়ানোর চেষ্টা করছে। এটা দেখতে পাওয়ার পর আর্মিরা ফিরে এসে আবারও গুলি করে।
ওইখানে আশ্রয় নেওয়া গ্রামবাসীর মধ্যে থানাপাড়ার মো. গোলাম রসুলও (তখন ১০ বছর বয়স) ছিলেন। তিনি বললেন, গুলি করার পর মরদেহগুলো খড়ের গাদার মতো স্তূপ করে তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
হত্যাকাণ্ডের পরদিন ১৪ এপ্রিল সকাল ৯টা-১০টার দিকে সেখানে গিয়েছিলেন রায়হান আলীও। তিনি বলেন, দু-তিন জায়গায় লাশগুলো জড়ো হয়ে আছে। পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ায় সবার বীভৎস চেহারা।
রায়হান আলী ও গোলাম রসুল বলেন, গ্রামের যাদের সামর্থ্য ছিল, দু-একটা করে লাশ সেখান থেকে তুলে নিয়ে এসে কবর দেওয়া হয়েছিল। বাকি লাশ কোনোমতে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখা হয়। কিছু লাশ শকুনে খেয়ে যায়। পদ্মার ধারে যে জায়গায় এই হত্যাকাণ্ড ঘটেছিল, সেই জায়গা এখন পুলিশ একাডেমির ভেতর। সাধারণ মানুষ সেখানে যেতে পারেন না। রাজশাহী-চারঘাট সড়কের থানাপাড়া মোড়ে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।