পদ্মার পেটে ঘরবাড়ি জমি, নিঃস্ব পরিবার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ভাঙনে এক মাসে ৫২টি পরিবারের ভিটেমাটি নদীতে বিলীন হয়েছে। ভাঙন-আতঙ্কে প্রায় ৫০০ পরিবার অন্যত্র চলে গেছে। আরও প্রায় ৩০০ বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।এসব পরিবার বাস্তুহারা শিবিরের মতো ফেরিঘাট, মহাসড়ক ও রেলপথের পাশে এবং আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। অথচ তাদের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি।দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাটের পাশে তারা মিয়ার জমিতে আগস্ট মাসের শেষ দিকে আশ্রয় নেয় প্রায় ৫০টি পরিবার। এরা দৌলতদিয়া ইউনিয়নের ঈসাইল শিবরামপুর, কাচারীডাঙ্গা ও কিয়ামুদ্দিন মেম্বা-রের পাড়ার নদীভাঙন এলা-কার মানুষ। প্রথমে এসব পরিবারকে থাকার অনুমতি দিলেও এখন জমির মালিক তাদের সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। বাহিরচর দৌলতদিয়া এলাকার ভাঙনকবলিত লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে।ফেরিঘাট এলাকায় আশ্রয় আশ্রয় নেওয়া বেলুয়া খাতুন (৬০) বলেন, ‘আইজ কত দিন ধইরা এইহানে ঠাঁই নিছি। অহন পর্যন্ত আমাদের কেউ খোঁজখবর নেয়নি। চেয়ারম্যান ঈদের এক দিন আগে বাড়িতে বাড়িতে একটা কইরা কাপড় দিইয়া গেছে। বউ-শাশুড়ি চারজন মিইলা এক কাপড় দিইয়া কী করব। এহন পর্যন্ত আর কিছুই পাইনি।’ইউপি সদস্য বাবু মোল্যা বলেন, ভাঙনে ঈসাইল শিবরামপুর, কাচারীডাঙ্গা ও কিয়ামুদ্দিন মেম্বারের পাড়া এলাকার ৫০টি পরিবার ভিটেমাটিছাড়া হয়েছে। প্রায় ২০০ পরিবার আগেভাগেই এলাকা ছেড়ে চলে গেছে।দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ঈসাইল শিবরামপুর ও বাহিরচর দৌলতদিয়া মৌজায় নদীভাঙনে ২৭৪টি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় ৫০০ পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ছাড়া ৩০০ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনা খাতুন জানান, দৌলতদিয়া ইউনিয়নে ৫২টি কৃষক পরিবার বাস্তুহারা হয়েছে এবং ১৫০ বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ জানান, দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার তীরবর্তী অধি-কাংশ এবং দেবগ্রাম ইউপির কিছু এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। ঈদের আগে অতিবর্ষণ ও ভাঙনে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে ঈদের আগে চাল দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।