পদ্মার পেটে ভিটা ও জমি
‘কয় দিন আগেও আমার বাড়িতে পাঁচখান ঘর আছিল। নিজের ৩৬ বিঘা জমিতে ধানসহ বিভিন্ন ফসল চাষ করতাম। সারা বছর নিজের জমির ধান থেকে হওয়া চালের ভাত খেয়ে সুখেই দিন কাটাইতাম। নদীভাঙনে এখন আমার কপাল পুড়ছে। আইজ আমি থাহি বাদে (বাঁধে), খাই পরের বাড়ি কামলা খাইট্যে।’কথাগুলো বলছিলেন কয়েক দিন আগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মুনাই মণ্ডল (৮২)। তাঁর মতো পদ্মার ভাঙনে হাবাসপুর ইউনিয়নের ৩০০ পরিবারের বসতঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এসব পরিবারের সহস্রাধিক সদস্য এখন রাস্তার পাশে, বাঁধের ওপর ও অন্যের জমিতে খুপরিঘর তুলে বসবাস করছেন।সম্প্রতি হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন বেড়েছে। গত ১৫ দিনে এ ইউনিয়নের তিন শতাধিক বসতঘর, জমিসহ ফসল ও অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের চরহাবাসপুর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণপাড়ার জামে মসজিদ ও চরপাড়ার মন্দির ভাঙনের হুমকির মুখে রয়েছে।স্থানীয় জয়নাল মণ্ডল, মজিবর সরদার, আলম মণ্ডল, পলু সেক, আরমান সরদার ও জবেদা খাতুন বলেন, প্রতিবছর স্রোতের সঙ্গে বয়ে আসা পলি তাঁদের জমির উর্বরতা বাড়িয়ে দিত। এতে করে তাঁদের ফসল উৎপাদন বেড়ে যেত। তাঁরা সারা বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের কাজে ব্যস্ত থাকতেন। কয়েক বছর ধরে ভাঙনে তাঁদের ফসলি জমি পদ্মার পেটে চলে গেছে। দু-তিনবার বাড়িঘরের স্থান পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি। যাঁদের বাড়িতে সারা বছর কাজের লোক থাকত, আজ তাঁরা অন্যের বাড়িতে কামলা দেন।হাবাসপুর ইউপির চেয়ারম্যান মামুন খান জানান, তাঁর ইউনিয়নের তিনটি মৌজার মাছপাড়া, চরপাড়া, খেয়াপাড়া, নতুনপাড়া, শাহমিরপুর, বকসীপুর, জয়কৃষ্ণপুর, বাহাদুরপুর, সেনগ্রামসহ প্রায় ৮-১০ কিলোমিটার এলাকায় নদী ভাঙছে। ভাঙন ঠেকাতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আহসানুর রহমান ওরফে হাসিব বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এরই মধ্যে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য তিন টন ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।’পাউবোর রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, নদীতে পানি কমে যাওয়ায় ভাঙনের তেমন কোনো তীব্রতা নেই।