পদ্মার বলে মিয়ানমারের ইলিশ বিক্রি দৌলতদিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ উপলক্ষে ইলিশের দাম এখন চড়া। আর পদ্মার ইলিশ হলে তো দামটা আরও বেশি। ব্যতিক্রম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এখানে পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে বেশ সস্তা দরে। কিন্তু অভিযোগ, পদ্মার ইলিশ বলে বিক্রি করা এসব মাছ আসলে মিয়ানমারের।
গতকাল সোমবার দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ইলিশ কিনতে এসেছেন সিঙ্গাপুরপ্রবাসী মুক্তার হোসেন। তিনি বলেন, হকাররা ঝুড়িতে প্রতিটি ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছয়-সাতটি ইলিশের দাম চাইছেন ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা।
ঘাটের আশপাশের এলাকা ঘুরে জানা গেছে, ২০ থেকে ২৪ কেজি ওজনের এক ঝুড়িভর্তি এসব ইলিশ মিয়ানমার থেকে নদীপথে টেকনাফ হয়ে ঢাকায় আসে। পাটুরিয়া ও দৌলতদিয়ার ব্যবসায়ীরা সেসব ইলিশ দু-এক দিন রেখে পদ্মার ইলিশ বলে বিক্রি করে।
ফেরিঘাট থেকে একটু দূরে কয়েকটি টিনের ছাপড়া ঘর। সেখানে কয়েকজন যুবক বাক্স থেকে ইলিশ মাটির ওপর চটে সাজিয়ে রাখছেন। তাতে বরফ ও লবণ ছিটিয়ে দিচ্ছেন। একদিন পর দেখতে এগুলো চকচকে হয়ে যাবে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, প্রতিটি ৩০০-৪০০ গ্রাম ওজনের এক কেজি পদ্মার ইলিশ নদী থেকে প্রায় এক হাজার টাকা দিয়ে কিনতে হয়। ৫০০-৭০০ গ্রামের দাম ন্যূনতম দেড় থেকে দুই হাজার আর এক কেজি ওজনের মাছ আড়াই থেকে তিন হাজার টাকা কেজি দরেও বিক্রি হয়। সেখানে মিয়ানমারের ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ ২৭৫ থেকে ৩০০ টাকা কেজি দরে কেনার পর ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করা যাচ্ছে।
দুজন মাছ বিক্রেতা বলেন, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী পাটুরিয়া থেকে প্রতিদিন দুই-তিন মণ মিয়ানমারের ইলিশ কিনে আনছেন। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব হিমাগারের ইলিশ প্রক্রিয়াজাত করে চড়া দামে বিক্রি করছেন। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় বলেন, ‘সম্প্রতি এ ধরনের প্রতারণার অভিযোগ শুনেছি। বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’