পদ্মার বালুচরে হেঁটে হেঁটে ১৮ বছর...

যত দূর চোখ যায় ধু ধু বালুচর। হঠাৎ মেঘের ছায়া পড়ে বালুর ওপর। সাদা বালু নিমেষে কালো হয়ে যায়। বাতাসে উড়তে থাকে বালু। খেয়া ধরতে সবাই প্রাণপণ ছোটেন। নৌকায় উঠে বসেন। কিন্তু মাঝি নৌকা ছাড়েন না। ঝড় ওঠে। এবার সবাই মাঝির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাঝি ঠান্ডা গলায় বলেন, ‘মাস্টার আসবেন তারপর।’ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। এর মধ্যে ধুলা মেখে এক বৃদ্ধ এসে নৌকায় উঠলেন। তারপর ছাড়ে নৌকা।
এই ‘মাস্টারের’ নাম মিরাজুল ইসলাম (৫৮)। তিনি রাজশাহীর পবা উপজেলার চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি রাজশাহী নগরের মহিষবাথান উত্তরপাড়া মহল্লায়। প্রতিদিন তিনি এক থেকে সোয়া ঘণ্টা পদ্মা নদীর বালুচরে হেঁটে দুবার খেয়া পার হয়ে বিদ্যালয়ে যান।
১৮ বছর ধরে ঘুরেফিরে মিরাজুল ইসলামকে পবার এক চর থেকে আরেক চরে বদলি করা হয়েছে। এই চরগুলোতে কোনো শিক্ষককে বদলি করলে অল্প দিনেই তদবির করে তাঁরা অন্য এলাকার বিদ্যালয়ে চলে যান। যাঁরা তদবিরে দুর্বল, তাঁরাই পড়ে থাকেন চরে। কিন্তু মিরাজুল ইসলামের মতো টানা ১৮ বছর কোনো শিক্ষককে চরে পাঠদান করতে দেখা যায়নি।
মিরাজুল ইসলামের এখন বয়স হয়েছে। মাঝেমধ্যেই শরীর খারাপ হয়। তখন ছেলের হাত ধরে বিদ্যালয়ে আসেন। তবু তাঁর ছুটি নেই। মাস খানেক আগে কথা হয় মিরাজুল ইসলামের সঙ্গে। বদলির আবেদন করে অন্য কোথাও গেলেই পারেন, এই বয়সে পদ্মা পার হয়ে চরে আসেন কেন—বলতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মিরাজুল। বললেন, ‘মানুষের কাছে আবেদন করে লাভ নেই। আল্লাহর কাছে আবেদন করেছি।’
‘কতবার বদলির আবেদন করেছি, হিসাব দিতে পারব না। ২০১১ সালে স্ত্রী মারা যাওয়ার পর খুব করে বদলিটা চেয়েছিলাম। ছেলেমেয়ের সুবিধা হতো, হয়নি। আর দুটো বছর চাকরি আছে। এভাবেই কেটে যাবে।’ বলে দীর্ঘশ্বাস ফেলেন মিরাজুল।
১৯৭৫ সালে পুলিশের চাকরি পেয়েছিলেন মিরাজুল। তাঁর মা করতে দেননি। তহশিলদারের চাকরিও পেয়েছিলেন। তখন এক আত্মীয় বললেন, আগুন নিয়ে খেলতে হয় না। বউয়ের চাপে ঘুষ খাবি। তাই সেই চাকরিও করেননি। হয়েছেন শিক্ষক।
শিক্ষক মিরাজুল ইসলামের ব্যাপারে কথা হয় রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফিছা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘তাঁর (মিরাজুল) প্রতি অবিচার করা হয়েছে। তাঁকে বদলি করে ওপরের (চর ছাড়া অন্য এলাকা) কোনো বিদ্যালয়ে আনা উচিত ছিল। আগামী জানুয়ারি পর্যন্ত আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখুন। আমি এক্ষুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলে দিচ্ছি, যাতে আগামী জানুয়ারি মাসে তাঁকে বদলি করে আনা হয়।’