পদ্মার ভাঙন, শতাধিক পরিবার সরে গেছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে রক্ষা পেতে ইতিমধ্যে শতাধিক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।গত শনিবার ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়নের সাজাপুর, দেলন্দি ও দেবগ্রাম এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পটোল, ঝিঙা, মরিচখেতগুলো ভেঙে নদীতে চলে যাচ্ছে। ভাঙন থেকে রক্ষা পেতে অনেক পরিবার বিভিন্ন রাস্তা, আত্মীয়স্বজনের বাড়ি ও বাঁধে আশ্রয় নিয়েছে। সাজাপুর এলাকার হালিমুন্নেছা (৫৫) বলেন, ‘আমাগোর কতা হুইনা লাভ কী। এই যে গাঙ খালি ভাঙতেছে, ইয়া আর শেষ হইবে না।’দেবগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, পানি বাড়ার সঙ্গে ভাঙনের মাত্রা বাড়তে থাকলে অনেক পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র চলে যাচ্ছে। গত দুই সপ্তাহে সাজাপুর ও দেলন্দি এলাকার ৮০টি পরিবার এবং দেবগ্রাম এলাকার ৩০টি পরিবার অন্যত্র সরে গেছে। এখনো অনেক পরিবার অন্যত্র সরে যাচ্ছে। এ ছাড়া ইতিমধ্যে প্রায় সাড়ে তিন শ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব পরিবারের মধ্যে সরকারিভাবে কোনো সাহায্য দেওয়া হয়নি।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমীন বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সব সময় নদীভাঙন বা প্লাবিত এলাকার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাহায্যের জন্য আবেদন করা হয়েছে।