পদ্মার ভাঙন ঠেকাও সমাবেশ আ.লীগ নেতার বাধায় পণ্ড!
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন থেকে এলাকা রক্ষার দাবিতে গতকাল শনিবার আয়োজিত সমাবেশ এক আওয়ামী লীগ নেতার বাধার মুখে পণ্ড হয়ে গেছে। পদ্মার ভাঙন রক্ষা কমিটি এ সমাবেশের আয়োজন করেছিল। সূত্র জানায়, সভা পণ্ড করেছেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম। এ সম্পর্কে হেদায়েতুল ইসলাম জানান, পদ্মার ভাঙন রোধে যখন সরকার আন্তরিকভাবে কাজ করছে, তখন ‘পদ্মার ভাঙন ঠেকাও, বিক্রমপুর বাঁচাও’ স্লোগান নিয়ে আয়োজিত সমাবেশটি সরকারকে হেয়প্রতিপন্ন করার জন্য বিরোধী দল বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছিল। তাই এমন সভা হতে দেওয়া হয়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদ্মার ভাঙন রক্ষা কমিটির আয়োজনে পূর্বঘোষিত সমাবেশটি হাসাইল ইউনিয়নে পদ্মার তীরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভাস্কর রাশা বক্তব্য দেওয়ার মুহূর্তে ভাঙন রক্ষা কমিটির সদস্যসচিব আনিসুর রহমান শিকদার মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে বলেন, ‘সমাবেশের এই আয়োজনে আমাদের ভুলত্রুটি রয়েছে বিধায় আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত।’ এর পরই মাইক বন্ধ হয়ে যায়। একই সময় উত্তেজিত হয়ে মঞ্চে ওঠা টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম মাইক ছাড়াই সমাবেশের বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় মঞ্চে থাকা অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যকার মামুনুর রশীদ, ভাস্কর রাশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক, অনুষ্ঠানের সভাপতি লায়ন মো. জাহাঙ্গীর আলমসহ অতিথিরা সমাবেশস্থল ত্যাগ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের জানান, আইনশৃঙ্খলা রক্ষার জন্যই তিনিসহ পুলিশ অবস্থান নেন। অন্যদিকে আলোচনা সমাবেশের সভাপতি এবং ভাঙন ঠেকাও কমিটির আহ্বায়ক লায়ন মো. জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিং করে জানান, ‘মানুষের অনেক সঞ্চৃতি পদ্মায় হারিয়ে গেছে। পদ্মার ভাঙন ঠেকাতে তাই একটি নিরপেক্ষ অরাজনৈতিক সংগঠন করার উদ্যোগ নিয়েছি। প্রথমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সভামঞ্চ ও প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে কেন এই সমাবেশ একটি মহল বন্ধ করে দিল বুঝতে পারলাম না।’ অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘ভাঙন একটি দেশের সমস্যা। আমি ভাঙন নিয়ে নাটক লিখেছি। তাই ভাঙনকবলিত মানুষের কথা চিন্তা করে এসেছি। আমি শুনেছি এখানে সর্বদলীয় সভা। তাই এসেছি। এসে দেখলাম এ নিয়ে বিরোধ আছে। রাজনৈতিক গন্ধ আছে। এমনটা জানলে আসতাম না।’ আয়োজক সূত্রে জানা যায়, এর আগে গত ২৩ মার্চ হাসাইলে পদ্মার তীরে মনিরুল ইসলামের সভাপতিত্বে টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার তীরবর্তী কামারখারা, দিঘিরপাড়, পাঁচগাঁও ও হাসাইল-বানারী ইউনিয়নের নেতাদের নিয়ে এক সভায় হয়। সভায় লায়ন জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও আনিসুর রহমান সিকদারকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট পদ্মার ভাঙন রক্ষা কমিটি গঠন করা হয়।