পদ্মার ভাঙন থেকে নড়িয়াকে রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ভাঙনের কবল থেকে নড়িয়া উপজেলা সদরকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নদীর তীরবর্তী সড়কের দুই পাশে চণ্ডীপুর লঞ্চঘাট থেকে মূলফৎগঞ্জ বাজার পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়। কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করতে ও মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে সেখানে উপস্থিত হন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। তাঁর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম ও শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহাব বেপারী, বেসরকারি সংস্থা নুসার নির্বাহী পরিচালক মাজেদা শওকত।ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করতে অনেক সময় প্রয়োজন। এ মুহূর্তে ভাঙন রোধ করা খুব জরুরি। জিও ব্যাগ ফেলে প্রাথমিক পর্যায়ে এলাকার ভাঙন রোধ করা হবে। দ্রুত কাজ শুরু করে আগামী বর্ষা মৌসুমের আগে শেষ করা হবে।গত বর্ষা মৌসুমে পদ্মা নদীর ভাঙনে নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, শত শত মানুষের বসতভিটা ও ব্যবসাপ্রতিষ্ঠান। ভাঙনের হুমকিতে রয়েছে গ্রাম ও স্থাপনা। বর্তমানে পদ্মার তীর থেকে নড়িয়া উপজেলা সদরের দূরত্ব দুই কিলোমিটার।