পদ্মার ভাঙন থেকে রাজশাহী রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙন থেকে বিভাগীয় শহর রাজশাহীকে রক্ষার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পদ্মা নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করা না হলে রেলপথ, রাজপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।
গতকাল সকাল ১০টায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরের সপুরা এলাকায় অবস্থিত পাউবো কার্যালয় ঘেরাও করা হয়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা পাউবোর প্রধান ফটক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সব দপ্তরে তালা লাগিয়ে দেন। এ সময় পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা বাইরে চলে আসেন। বেলা একটায় সমাবেশ শেষ করে তাঁরা চলে আসেন।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান খান, এন্তাজুল হক, মহিলা পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক কল্পনা রায়, রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক এম শরিফ, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেম্ব্রম প্রমুখ।