পদ্মার ভাঙন পরিদর্শনে পাউবোর মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনের মুখে পরিত্যক্ত হয়ে পড়ে আছে রাজশাহীর পবা উপজেলার চর খিদিরপুর বিজিবি ক্যাম্প (বাঁয়ে)। আশ্রয়ের সন্ধানে নৌকায় মালামাল উঠাচ্ছে ভাঙনের শিকার একটি পরিবার। ছবিটি গতকাল তোলা ষ প্রথম আলো
পদ্মার ভাঙনের মুখে পরিত্যক্ত হয়ে পড়ে আছে রাজশাহীর পবা উপজেলার চর খিদিরপুর বিজিবি ক্যাম্প (বাঁয়ে)। আশ্রয়ের সন্ধানে নৌকায় মালামাল উঠাচ্ছে ভাঙনের শিকার একটি পরিবার। ছবিটি গতকাল তোলা ষ প্রথম আলো

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক আজিজুল হক গতকাল বুধবার রাজশাহীর পবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা চর খিদিরপুর ও খানপুরে পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন।
এ সময় এলাকাবাসী তাঁর কাছে রাজশাহী পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের গাফিলতির কারণেই ভাঙন প্রতিরোধের কাজ কোনো উপকারে আসেনি বলে অভিযোগ করেন।
পাউবোর মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যেকোনো মূল্যে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করা হবে। তিনি বলেন, গাফিলতির বিষয়টি তদন্ত করার জন্য বিভাগীয় কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সামনে শুষ্ক মৌসুমে ১০ নম্বর চর এলাকার ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাংলাদেশি ভূখণ্ড রক্ষার জন্য চর খিদিরপুর, চরখানপুর ও চর মাঝাড়দিয়াড় এলাকাতেও স্থায়ী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে পাউবোর ওই কর্মকর্তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার সরকার মুহাম্মদ শামসুদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী, পাউবোর প্রধান প্রকৌশলী আবদুর রব, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম প্রমুখ।
ঈদের মধ্যে টানা ছয় দিন চর খিদিরপুর বিজিবি ক্যাম্পের সামনে জরুরি ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ থাকায় স্রোতের টানে আগের ফেলা প্রায় ১০ হাজার জিও ব্যাগ তলিয়ে যায় নদীগর্ভে। ফলে খিদিরপুর বিওপি ক্যাম্পের পাশে ফেলা অর্ধকোটি টাকার জিও ব্যাগ কোনোই কাজে আসেনি। গত ২৫ জুলাই থেকে এখানে কাজ শুরু করা হয়েছিল। গতকাল বুধবার এই ক্যাম্পের অর্ধেক ভেঙে গেছে।
এদিকে খানপুর বিজিবি ক্যাম্পটিও হুমকির মুখে পড়ে রয়েছে। এখানে গত ২৬ জুলাই থেকে তড়িঘড়ি করে এক কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাতেও শেষরক্ষা হবে কি না, তা বলা যাচ্ছে না। নিম্নমানের বালু ব্যবহার করার কারণে দুই দিন ধরে সেখানেও কাজ বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় ইউপি (হরিয়ান) চেয়ারম্যান মফিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের অব্যবস্থাপনার কারণে এই সর্বনাশ। এলাকার বাসিন্দা ৫০ বছরের গাজী রহমান জানান, পদ্মা তাঁদের সব কেড়ে নিয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে তিনি চিন্তিত।
পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, খানপুর ক্যাম্প ও একটি সীমান্ত পিলার বাঁচানোর জন্য ২৮০ মিটার এলাকায় ৩৫ হাজার জিও ব্যাগ ফেলার কাজ এখনো চলছে।