পদ্মার ভাঙন বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা!
‘রাক্ষুসী পদ্মা আমাগো তিনটা ঘরের দুইডা লইয়া গেছে। প্রত্যেক দিন এই এলাকার বাড়িঘর ভাঙতাছে। কিন্তু সরকার এহনও কোনো ব্যবস্থা নেয় নাই। তাই আমরাই যার যার সীমানার সামনে বাঁশ দিয়া ভাঙন ঠেকানোর চেষ্টা করতাছি। কিন্তু তাতে কোনো কাজ হইতাছে না।’ গতকাল রোববার সকালে কথাগুলো বলছিলেন পদ্মা নদীর ভাঙনের শিকার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দা গ্রামের আবদুল খালেক।জানা গেছে, গত এক সপ্তাহের ভাঙনে ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের বাঢ়ড়া, মান্ডা ও কামারগাঁও গ্রামের তারা সারেং, বাদশা সারেং, মনোরঞ্জন দাস, বিশ্বনাথ দের বসতবাড়িসহ ২৫টি বাড়ি এবং ভাগ্যকুল বাজারের ১১টি দোকান পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। ভাগ্যকুল-কামারগাঁও সড়কের পশ্চিম দিকের অংশ ভেঙে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এলাকায় প্রতিদিন ভাঙছে নতুন নতুন এলাকা। ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন আশপাশে আত্মীয়স্বজনের বাড়িতে উঠছে। কেউ ঢাকায় চলে যাচ্ছে। আবার অনেকে কোথায় যাবে, সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে।চলতি বর্ষা মৌসুমে এক মাস ধরে ভাগ্যকুলে পদ্মা নদীর ভাঙন শুরু হয়। এই ভাঙন দিন দিন তীব্র হচ্ছে। এলাকাবাসী জানান, ভাঙন ঠেকাতে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। নিরুপায় জনগণ বাধ্য হয়ে নিজেরাই বাঁশ দিয়ে বসতভিটা রক্ষার চেষ্টা করছে। কিন্তু তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভাঙন ঠেকাতে পারছে না। এলাকাবাসী জানান, বিশ্বনাথ দের বাড়ি গত শনিবার ভেঙে যায়। পরিবার নিয়ে তিনি ঢাকায় চলে গেছেন। কয়েক দিনের ভাঙনে মনোরঞ্জন দাসের একটি বিল্ডিং ভেঙে গেছে। গতকাল ভাগ্যকুলে গিয়ে দেখা যায়, ভাঙনে ভাগ্যকুল, বাঘড়া, মান্ডা ও কামারগাঁও গ্রামের চিত্র ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মতো। ভাঙনের মুখে সরিয়ে নেওয়া মালামাল সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। ভেঙে গেছে ভাগ্যকুল-কামারগাঁও সড়কটির পশ্চিম দিক। লোকজনকে কষ্ট করে সড়ক পার হতে হচ্ছে। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ জানান, ভাঙনে প্রতিদিনের অবস্থা তিনি কর্তৃপক্ষকে (জেলা প্রশাসককে) জানাচ্ছেন। কোনো বরাদ্দ না পেলে তিনি কী করবেন! জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রথম আলোকে বলেন, ‘ভাঙনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তবে ভাঙন এলাকায় যখন তীব্র ভাঙন শুরু হয়, তখন অস্থায়ীভাবে কোনো উদ্যোগ সাধারণত কাজে আসে না। তবু বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। পেলে দ্রুত ব্যবস্থা নেব।’ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘গতকাল আমাদের প্রধান প্রকৌশলী (হুমায়ুন কবির) ভাঙনকবলিত এলাকা দেখে এসেছেন। ভাঙন এলাকায় এক হাজার ৬৫০ মিটারের মধ্যে বালুর বস্তা ফেলা হবে। এ জন্য ১০ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে ১০-১২ দিনের মধ্যে কাজ শুরু করা যাবে।’