পদ্মার ভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ বিক্ষোভ করেছে। এ সময় তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে। পরে পরিষদের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক ব্যানার নিয়ে অংশ নেয়। কর্মসূচি থেকে অবিলম্বে পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ এলাকা রক্ষার স্বার্থে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরুর দাবি জানানো হয়।
পরিষদের সহসভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, পদ্মা নদীর বাঁধ নির্মাণ রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি। তবে বারবার দীর্ঘসূত্রতায় এ প্রকল্প আটকে দেওয়া হয়।
সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই পদ্মার বাঁধ রক্ষা করা না গেলে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী আদালতসহ অসংখ্য সরকারি স্থাপনা রক্ষা করা যাবে না। তাই দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে রাজশাহীবাসী আর ঘরে বসে থাকবে না। প্রয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহীকে অচল করে দেওয়া হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক দেবাশীষ প্রামাণিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য মুরাদ খান প্রমুখ।
পরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহীর বুলনপুর, পঞ্চবটী-শ্মশানঘাট, নবগঙ্গা, গহমাবোনা, সোনাইকান্দি, হাড়ুপুর, খানপুর, খিদিরপুর, গোদাগাড়ী, চারঘাট, ক্যাডেট কলেজ প্রভৃতি এলাকা গত কয়েক বছরের ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ তাদের সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে। টেকসই প্রকল্প বাস্তবায়ন না হলে বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এর আগে ২০১২ সালের ১৯ মে এসব দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। ভাঙন রোধে এর আগেও তারা প্রধানমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ স্থানীয় সাংসদদের স্মারকলিপি দিয়েছে। তবে আজ পর্যন্ত নদীভাঙন রোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।