পদ্মার ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবি
‘জাগোরে জাগো, দোহারবাসী জাগো। যদি থাকো ঘুমিয়ে, দোহার-নবাবগঞ্জ যাবে তলিয়ে’ স্লোগানে ঢাকার দোহার উপজেলায় পদ্মার ভাঙন রোধে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্ম।
স্থানীয় লোকজন জানান, দোহার উপজেলা ফটকের সামনে গতকাল বুধবার দুপুরে স্থানীয় তরুণ প্রজন্ম ও দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট নামে একটি সংগঠনের আয়োজনে শিক্ষক, ছাত্র ও পেশাজীবীসহ কয়েক শ মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ডে লিখে ও বিভিন্ন স্লোগানে সরকারের কাছে তাঁদের দাবি তুলে ধরেন সর্বস্তরের মানুষ। মানববন্ধনের নেতৃত্ব দেন দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের আহ্বায়ক তারেক রাজীব।
বক্তারা বলেন, নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা, দোহারের নারিশা, পশ্চিমচর, রানীপুর, কার্ত্তিকপুর, বাহ্রাঘাট, ধোয়াইর, ধুবলী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মায় প্রতিবছর কয়েক শ বাড়ি-ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত সাত-আট বছরে প্রায় ২০ হাজার পরিবার নিঃস্ব হয়েছে। বাড়িঘর হারা মানুষ পথেঘাটে মানবেতর জীবন যাপন করছে।