রাজশাহীতে পদ্মা নদীর ভাঙন ঠেকাতে গত বর্ষায় চার কোটি টাকার কাজ হলেও ভাঙন পুরোপুরি ঠেকানো যায়নি। যেটুকু কাজ হয়েছিল, তাও এবার স্থায়ী সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে বিলিন হবে। এতে ১০ হাজার মানুষ বাস্তুহারা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এসব মানুষ ও তাদের সহায়সম্বল বাঁচাতে আগামী বর্ষার আগেই সংরক্ষণকাজ করতে হবে। অথচ গতবারের সংরক্ষণকাজের বিলই এখনো পাননি ঠিকাদারেরা। এবার কীভাবে কাজ হবে, তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রাজশাহীতে পদ্মা নদীর ভাঙন থেকে ডান তীরে পবা উপজেলার খানপুর, খিদিরপুর ও মাঝারদিয়াড় গ্রাম তিনটি এবং দুটি বিজিবি ক্যাম্প রক্ষা করতে গত বর্ষায় জরুরি ভিত্তিতে প্রায় দুই কোটি টাকার কাজ করানো হয়। এ ছাড়া বাম তীরে রাজশাহী শহর রক্ষা বাঁধ, বাঘা ও চারঘাটেও প্রায় দুই কোটি টাকার অস্থায়ী কিছু সংরক্ষণকাজ করা হয়।
খিদিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবু আলম জানান, গত বছর জরুরি সংরক্ষণকাজ করে কোনো রকমে ডান তীরের খানপুর বিজিবি ক্যাম্পটি বাঁচানো সম্ভব হলেও পাশের খিদিরপুর ক্যাম্পটি বিলীন হয়ে যায়। এবার এখনই সংরক্ষণকাজ শুরু না করলে খানপুর ক্যাম্পটিও আর বাঁচানো যাবে না। তিনি আরও বলেন, এবার খানপুর ক্যাম্প ভেঙে গেলে এর পেছনেই ভারতীয় সীমান্ত পর্যন্ত পৌঁছে যাবে নদী। এতে বাংলাদেশের সীমার মধ্যে খিদিরপুর ও খানপুর গ্রামের আর কোনো অস্তিত্ব থাকবে না। বাস্তুহারা হবে এ দুটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। অথচ গতবারের কাজের বিলই এখনো পাননি ঠিকাদারেরা। এ অবস্থায় এবার নতুন করে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম।
গতবারের সংরক্ষণকাজ করা কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা এখনো এক টাকাও বিল পাননি পাউবোর কাছ থেকে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, তাঁরা ব্যাংকঋণ নিয়ে জরুরি ভিত্তিতে ওই সংরক্ষণকাজ করেছিলেন। এখন গতবার কাজ করা ঠিকাদারদের প্রত্যেককে লোকসান গুনতে হবে।
রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ গত বর্ষার জরুরি সংরক্ষণকাজের বিল পরিশোধ না করার অভিযোগ স্বীকার করে বলেন, অর্থ মন্ত্রণালয়ে এ জন্য একটি থোক বরাদ্দ রাখা আছে। এখন পানিসম্পদ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই টাকাটা পাওয়া যাবে।