পদ্মার ভাঙন রোধে প্রতীকী গণ-অনশন
রাজবাড়ীকে পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে গতকাল সোমবার তিন ইউনিয়নের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীক গণ-অনশন করেছে।গতকাল সকাল থেকে রাজবাড়ী সদর উপজেলার বরাট, দাদশী ও মিজানপুর ইউনিয়নের সাতটি গ্রামের বাসিন্দারা লালগোলা বাজারে সমবেত হয়।সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক শ মানুষ প্রায় ১২ কিলোমিটার রাস্তা হেঁটে দুপুর ১২টার দিকে শহরে যায়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী গণ-অনশনে বক্তব্য দেন বরাট ইউনিয়নের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, আবু মুসা বিশ্বাস, শেখ মনিরুজ্জামান, আবদুস সালাম, কে এ সবুর প্রমুখ।এ সময় সংহতি প্রকাশ করেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, কমরেড রেজাউল করিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল হোসেন প্রমুখ। গণ-অনশন শেষে তাঁরা পদ্মার ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী বলেন, ‘নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’প্রায় ১৫ দিন ধরে সদর উপজেলার লক্ষ্মীকোল, সোনাকান্দর, ভবদিয়া, উড়াকান্দা, নয়নসুখ ও কাচরন্দ গ্রামের প্রায় ছয় কিলোমিটার এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ৬০ থেকে ৬৫ একর ফসলি জমি বিলীন হয়েছে।