পদ্মার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে বাড়িঘর, বাঁশঝাড় ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার গাজীরটেক ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
পাঁচ দিন ধরে ফরিদপুর সদরের সাইনবোর্ড এলাকা থেকে শুরু করে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার পর্যন্ত দুই কিলোমিটার অংশে নদীভাঙন শুরু হয়েছে। তবে গত দুই দিনে তা তীব্র আকার ধারণ করেছে। গাজীরটেক মধু ফকিরের ডাঙ্গি, জয়দেব সরকারের ডাঙ্গি ও চর হোসেনপুর গ্রামের ৮০টি পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
মধু ফকিরের ডাঙ্গি গ্রামের মালেকা বেগম বলেন, গত দুই দিনে তাঁর নিজের এবং ভাশুর ও দেবরের মোট আটটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। তিনি বর্তমানে একটি ঝোপের মধ্যে ছাপরা তুলে দিন যাপন করছেন। একই এলাকার নির্মল বিশ্বাস বলেন, ‘আমার বাঁশঝাড় ও কাছারি ঘর নদীগর্ভে চলে গেছে। বসতঘরও ভাঙনের মুখে পড়ায় তা সরিয়ে নিয়েছি।’
মোহাম্মদ মোল্লা বলেন, ১৫ দিন আগে প্রথম দফায় নদীর পানি বেড়ে যায়। পাঁচ দিন পর পানি কমতে শুরু করে আবার এক সপ্তাহ পর বাড়তে শুরু করেছে। ফলে ভাঙনের তীব্রতা বেড়ে গেছে।
এদিকে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে গাজীরটেক ইউনিয়নবাসীর পক্ষে গতকাল দুপুর ১২টার দিকে মধু ফকিরের ডাঙ্গি ও চরহোসেনপুর গ্রামের মাঝামাঝি জায়গায় মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন গাজীরটেক ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য বাবুল প্রামাণিক, কৃষক রণজিৎ কুমার বিশ্বাস, আবদুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, ছয়-সাত বছর ধরে এ এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে। প্রতিবছরই নদীতে চলে যাচ্ছে বাড়ি ও ফসলি জামি। তবু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।
গোপালগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন আহমেদ বর্তমানে ফরিদপুর পাউবোর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণের জন্য স্থায়ী উদ্যোগ নিতে হবে। অস্থায়ী সমাধানে ফল পাওয়া যাবে না। স্থায়ী সমাধানের অংশ হিসেবে নদীর ওই দুই কিলোমিটার অংশ বেঁধে দেওয়ার জন্য ৫৬ কোটি টাকার একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দিয়েছি।’