পদ্মার ভাঙনে আশ্রয়হীন হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ এলাকা। ছবিটি নেহারী মণ্ডলপাড়া এলাকা থেকে গতকাল তোলা ষ ছবি: প্রথম আলো
পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ এলাকা। ছবিটি নেহারী মণ্ডলপাড়া এলাকা থেকে গতকাল তোলা ষ ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পুরোনো ফেরিঘাট এলাকায় গতকাল শুক্রবার পদ্মার ভাঙনে মাওয়া-ভাগ্যকুল সংযোগ সড়কটি বিলীন হয়ে গেছে। এ ছাড়া ছয়-সাতটি দোকানঘর, পুরোনো ফেরিঘাট-সংলগ্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও দ্বিতীয় তলা মার্কেট ভবনের অর্ধেক নদীগর্ভে হারিয়ে গেছে।এদিকে গত এক মাসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার ভাঙনে ১৩টি গ্রামের আড়াই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মাওয়ায় গত ২৪ ঘণ্টায় ভাঙনে সড়ক এবং বেশ কয়েকটি আধা পাকা স্থাপনা বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে মাওয়া পুলিশ ফাঁড়ি, মসজিদ, বিআইডব্লিউটিসির একটি স্থাপনাসহ বেশ কয়েকটি স্থাপনা। এর আগে পদ্মার ভাঙনে পুরোনো ফেরিঘাট এলাকায় একটি মাজারসহ ১৫টির মতো দোকান ও বসতঘর বিলীন হয়ে যায়। সরিয়ে নেওয়া হয় আরও শতাধিক দোকান ও বসতঘর।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, গতকাল পদ্মার পানি কমতে থাকায় ভাঙন তীব্র হয়। গতকাল মাওয়া ঘাট ছাড়াও ভাঙন-আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ মেদেনীমণ্ডল, ভাগ্যকুল, বালাশুর, মান্দ্রাসহ পদ্মার তীরবর্তী গ্রামগুলোতে। পদ্মার ভাঙনের শিকার অর্ধশতাধিক পরিবার মাওয়া পুরোনো বাসস্ট্যান্ডে খোলা আকাশের নিচে অবস্থান নেয়।পানি উন্নয়ন বোর্ডের ভাগ্যকুল কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. জয়নাল প্রথম আলোকে জানান, পদ্মার পানি গতকাল ১১ সেন্টিমিটার কমেছে। এর পরও পদ্মার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল পদ্মার পানি শ্রীনগরের ভাগ্যকুল অংশে ৬ দশমিক ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। মাওয়া ঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, তাঁদের ফাঁড়িটি ভাঙনের হুমকির মুখে রয়েছে।

 গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকলা নামের তিনটি ইউনিয়নে পদ্মার ভাঙন ভয়াল রূপ ধারণ করেছে। ইতিমধ্যে ইউনিয়নগুলোর ১৩টি গ্রামের আড়াই হাজার পরিবার সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। গত ঈদুল ফিতরের পর থেকে গ্রামগুলো পদ্মা নদীর ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে দৌলতদিয়া ঘাট, দৌলতদিয়া-খুলনা মহাসড়ক, রেলসড়কসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

গত বুধবার রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, বিআইডব্লিউটিএর খনন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া প্রমুখ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী বলেন, দেবগ্রাম ও দৌলতদিয়ার পদ্মা তীরবর্তী অধিক ঝুঁকিপূর্ণ পাঁচ কিলোমিটার নদীতীর সংরক্ষণ করা গেলে পদ্মার স্রোতের গতিপথ পাল্টে ভাঙন প্রতিরোধ করা সম্ভব। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী ১৪০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হবে।

জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান বলেন, ভাঙনের শিকার দুই হাজার ৫০০ পরিবারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করা হচ্ছে।