পদ্মার ভাঙনে এক সপ্তাহে ১৫০ ঘরবাড়ি বিলীন
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ও মাহমুদপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে গত এক সপ্তাহে দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। এর মধ্যে গত শনিবার মাহমুদপুর বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার অংশ ভাঙে। এতে ঝুঁকির মুখে পড়েছে তিনটি গ্রাম।সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুম শেষ হলেও নদীতে পানি বাড়ায় নয়াবাড়ী ইউনিয়নের পানকুণ্ড ও ধোয়াইর বাজার এবং মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর ও নারায়ণপুর গ্রামকে গ্রাস করেছে পদ্মা। বিলীন হয়েছে প্রায় শত বছরের পুরোনো অনেক ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো।উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত দোহারের মাহমুদপুর ও নয়াবাড়ী ইউনিয়নে সহস্রাধিক পরিবারের বসতভিটা, দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি বাজার, চারটি মসজিদ, দুটি মন্দিরসহ কৃষি ভূমি ও কাঁচা-পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়।মাহমুদপুর বাঁধে আশ্রয় নেওয়া উকিল মৃধা (৭০) বলেন, ‘গাঙ ভাঙার কষ্ট আর সয় না। টাকা-পয়সা নাই। রাস্তার পারে কেউ থাকতেও দিতে চায় না।’আক্ষেপ প্রকাশ করে ঘরবাড়ি হারানো আবদুল জলিল বলেন, ‘আমাগো কথা লেইহা আর কী অইবো। মুনতুরী (মন্ত্রী) নেতা কেউই আমাগো খবর নেয় না। শুধু বোডর (ভোটের) সময় এসে কছম দেয় একটি বান (বাঁধ) কইরা দিব।’দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আল আমিন গত রোববার মাহমুদপুর বাঁধ পরিদর্শন করে তাৎক্ষণিক এক লাখ টাকা বরাদ্দ দিয়ে বালুর বস্তা ফেলতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছেন।নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, ‘পদ্মার ভাঙনে প্রতিবছর শত শত পরিবার নিঃস্ব হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা নিতে এগিয়ে আসেনি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রক্ষা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও সাড়ে তিন বছরে বাস্তবায়ন হয়নি।’এ ব্যাপারে পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থসংকটের কারণে জরুরি কাজেও বরাদ্দ দেওয়া যাচ্ছে না।