পদ্মার ভাঙনে দুই মাসে একটি গ্রাম নিশ্চিহ্ন
শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের একটি গ্রাম কলমিরচর। গ্রামটিতে ৮৫০টি পরিবারের বসবাস ছিল। গত দুই মাসে পদ্মার ভাঙনে পুরো গ্রামটি বিলীন হয়ে গেছে।
এখন ভাঙনের কবলে পড়েছে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রাম। এক সপ্তাহে ওই গ্রামের ২০টি পরিবার গৃহহীন হয়েছে। সর্বস্ব হারিয়ে মানুষগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
জাজিরা উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পদ্মা নদীতে¯স্রোত বৃদ্ধি পাওয়ায় গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়।
ভাঙনে ওই উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামটি সম্পূর্ণ বিলীন হয়। নদীতে বিলীন হয়ে গেছে ওই গ্রামের আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মার ভাঙন অব্যাহত আছে। কলমিরচর গ্রামের শেষ প্রান্ত থেকে নদীর তীরের দূরত্ব ছিল দুই কিলোমিটার।
দুই মাসের ভাঙনে গ্রামটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ওই গ্রামের পাশে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামটি এখন ভাঙছে। ওই গ্রামের বাসিন্দারা তাঁদের বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। ভাঙন-আতঙ্কে রয়েছে ঈশ্বরকাঠি গ্রামের ৫০০ পরিবার।
কুণ্ডেরচর ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন মাদবর বলেন, দুই মাসের ভাঙনে কলমিরচর গ্রামের ৮৫০টি পরিবার ও বাজারের ২২০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষগুলো নিঃস্ব হয়ে বিপাকে পড়েছে। তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করা হচ্ছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘কলমিরচর গ্রামটির ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ-সহায়তা দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য খাসজমি দেওয়া হবে। তারা খাসজমির জন্য আবেদন করলেই আমরা দ্রুত ব্যবস্থা নেব।’