পদ্মার ভাঙনে দৌলতদিয়ার একটি ঘাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। ইট–বালুভর্তি বস্তা ফেলে ঘাটটি পুনরায় চালু করার চেষ্টা চলছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
পদ্মার ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। ইট–বালুভর্তি বস্তা ফেলে ঘাটটি পুনরায় চালু করার চেষ্টা চলছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট গত সোমবার রাতে বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল মঙ্গলবার সকাল থেকে বস্তাভর্তি ইট ও বালু ফেলে ঘাটটি পুনরায় চালু করার চেষ্টা করছে।
এদিকে সোমবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসার পথে ঝড়ের কবলে পড়লে যাত্রী ও যানবাহন বোঝাই তিনটি ফেরি নদীর চরে আটকা পড়ে। প্রায় ৯ ঘণ্টা পর গতকাল সকালে ফেরি দুটি উদ্ধার হয়। যান্ত্রিক ত্রুটিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ১৫টির মধ্যে ৩টি ফেরি বসে থাকায় গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। ফলে উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ে দেখা দিয়েছে যানজট। দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়ার উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ঘাট চালু করার জন্য পুরোদমে কাজ চলছে। আজ (কাল) রাতের মধ্যে ঘাট চালু করার চেষ্টা করছি।
গতকাল বেলা একটার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের র্যাম্পের পাশে মাটি ধসে যাওয়া স্থানে শ্রমিকেরা ইট ও বালু ভর্তি বস্তা ফেলছে। বাকি তিনটি ঘাট দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। এ ছাড়া ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা দুই সারি যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কাভার্ড ভ্যান ও অন্য গাড়ির লাইন পড়েছে। ফেরিতে উঠতে যাত্রীবাহী বাসের সময় লাগছে পাঁচ-ছয় ঘণ্টা।
ঢাকা থেকে ফরিদপুরগামী ভোজ্যতেলবোঝাই ট্রাকচালক সবুজ মিয়া বলেন, সোমবার রাত তিনটার দিকে পাটুরিয়ায় লম্বা লাইনে আটকা পড়েন তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কর্তব্যরত পুলিশ সদস্যকে ‘ম্যানেজ’ করে সকাল আটটার দিকে নদী পাড়ি দেন। শত শত গাড়ি পাটুরিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছে।
দৌলতদিয়া ঘাটেও দীর্ঘ লাইনে ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছেন গাড়ির চালক ও যাত্রীরা। মাদারীপুর থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক আলামীন সরদার বলেন, তিনি সোমবার সন্ধ্যায় ঘাটে পৌঁছান। প্রায় ১৬ ঘণ্টা পরও ফেরির নাগাল পাননি তিনি।
খুলনা থেকে আসা ঈগল পরিবহনের যাত্রী আলম শেখ বলেন, ‘ভোরে ঘাটে এসে আটকা পড়েছি। প্রায় ছয় ঘণ্টা পর এখনো ফেরিতে উঠতে পারিনি।
সোমবার রাত ১২টার দিকে পাটুরিয়া থেকে দুটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক ও পাঁচটি ছোট গাড়ি নিয়ে কে-টাইপ ফেরি কুমারী ছেড়ে আসে। দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের অদূরে আসার পর সেটি ঝড়ের কবলে পড়ে। বাতাসের ধাক্কায় ফেরিটি বালুর চরে আটকা পড়ে। কিছুক্ষণ পর পাটুরিয়া থেকে নয়টি যাত্রীবাহী বাস, দুটি ট্রাক ও তিনটি ছোট গাড়ি নিয়ে আসা রো রো ফেরি এনায়েতপুরী পাটুরিয়ার ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর বালুর চরে আটকে যায়। গতকাল সকাল নয়টার দিকে রো রো ফেরি গোলাম মওলা ও উদ্ধারকারী আইটি জাহাজের চেষ্টায় সকাল আটটার দিকে এনায়েতপুরী ও নয়টার দিকে কুমারী উদ্ধার করা হয়।
অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়ার
চারটি ঘাটের মধ্যে একটি বন্ধ রয়েছে। তিনটি ফেরি বিকল হয়ে আছে। বর্তমানে ১২টি ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। চরে আটকে পড়া দুটি ফেরি উদ্ধার করা হয়েছে।