পদ্মার ভাঙনে নিজভূমে পরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পদ্মার ভাঙনে নদীর খানিকটা ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে। এ কারণে ওই জলসীমা আর বাংলাদেশিদের ব্যবহার করতে দিচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে নদীর দক্ষিণ তীরে বসবাসকারী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১০ হাজার মানুষের জীবনযাত্রা থমকে গেছে।
গত বৃহস্পতিবার বিএসএফ সদস্যরা ওই জলসীমা থেকে বাংলাদেশি তিন জেলেকে জাল, নৌকাসহ ধরে নিয়ে গেছেন।
সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, রাজশাহী শহরের দক্ষিণ পাশ দিয়ে পূর্ব-পশ্চিমে বয়ে গেছে পদ্মা নদী। নদীর দক্ষিণপাড়ে পবার মাঝারদিয়াড় গ্রাম। এর তিন দিকে ভারত। গ্রামের পূর্ব পাশে প্রায় ৪০০ গজ ভারতীয় এলাকা। তারপর আবার পবার খানপুর গ্রাম। ভারতীয় অংশটুকু ১৬৪ ও ১৬৫ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী অংশ। ভাঙনের কারণে পদ্মা এখন ভারতের ওই অংশ দিয়েও বয়ে যাচ্ছে।
এদিকে গ্রামের উত্তর পাশে পদ্মার বুক চিরে দুই কিলোমিটার চর জেগেছে। চরের দুই পাশেই পানি। নদী যখন ভরা ছিল তখন মাঝারদিয়াড় গ্রামের মানুষ সোজা নৌকা চালিয়ে মূল ভূখণ্ডে আসতে পারত। আর এখন মাঝারদিয়াড় থেকে নৌকা চালিয়ে পূর্ব দিক হয়ে উত্তর পাশের মূল ভূখণ্ডে আসতে হচ্ছে। এ জন্য ভারতীয় অংশের জলসীমা ব্যবহার করতে হচ্ছে। ৭ জানুয়ারি থেকে বিএসএফ তাদের জলসীমায় পাহারা জোরদার করেছে। এতে বিপদে পড়েছে মাঝারদিয়াড় গ্রামের মানুষ। কেউ কেউ নৌকায় করে ও হেঁটে বালুচর পাড়ি দিয়ে রাজশাহীতে আসতে পারলেও রোগী ও মালামাল বহনে বেশ সমস্যা হয়েছে।
গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম খান সাংবাদিকদের ওই এলাকা দেখাতে নিয়ে যান। বিজিবির স্পিডবোটে করে পার হওয়ার সময় দেখা যায়, একেবারে নদীর ঘাটে বিএসএফের কলাবাগান ক্যাম্পে ভারতীয় পতাকা উড়ছে। স্পিডবোট দেখে এক বিএসএফ জওয়ান হাত ওঠান। কিন্তু সেখানে বোট থামানো হয়নি। এলাকাবাসী জানান, বিএসএফ সদস্যরা এভাবে হাত উঠিয়ে সাধারণ মানুষকে থামায়। যেতে বাধা দেয়।
বিজিবি কর্মকর্তা নাজিম খান বলেন, ১৬৪ ও ১৬৫ নম্বর পিলারের মধ্যে আরও দুটি সাব-পিলার ছিল। যৌথ জরিপের মাধ্যমে পিলার দুটির অবস্থান নির্ণয় করার আগ পর্যন্তু জলসীমা উভয় দেশের ব্যবহারের জন্য ‘কমন’ থাকার কথা ছিল। কিন্তু গত ১৫ ডিসেম্বরের পর থেকে বিএসএফ বাংলাদেশের মানুষকে বাধা দেওয়া শুরু করে। পদ্মা নদীর দক্ষিণপাড় স্থায়ীভাবে সংরক্ষণ করতে না পারলে রাজশাহীর পুরো এলাকাতেই এই সমস্যা হবে বলে মনে করেন বিজিবি কর্মকর্তা।
হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মাঝারদিয়াড় গ্রামে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। বিএসএফের বাধায় তাদের জীবনযাত্রা একেবারে অচল হয়ে পড়েছে।
মাঝারদিয়াড় গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষ যেন নিজ দেশে পরবাসী। কেউ নৌকা নিয়ে সোজা রাজশাহীতে আসতে পারছে না।
বিজিবির অধিনায়ককে পেয়ে গ্রামের কৃষক আবুল কালাম বলেন, ‘স্যার আমহারকে বাঁচান। আমরা মইরি গেনু।’
কৃষক ইকবাল হোসেন জানান, গত শনিবার আবদুল গাফফার নামের এক ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়েছিলেন। কয়েকজন যুবক ঘাড়ে তুলে বালুচরের ভেতর দিয়ে তাঁকে রাজশাহীতে নিয়ে যান। গ্রামের নাজমুলের স্ত্রীর প্রসববেদনা উঠলে তাঁকে কাঁধে নেওয়ারও উপায় ছিল না। তাঁকে নৌকায় করে নেওয়ার সময় বিএসএফ এসে আটকায়। অন্তঃসত্ত্বা দেখে ছেড়ে দেয়।
গ্রামবাসী বলেন, এভাবে তো মানুষের জীবন চলতে পারে না। পারাপারের সমস্যায় কৃষকেরা আর খেত থেকে টমেটো ওঠাচ্ছেন না। পাকা টমেটো খেতেই পেকে নষ্ট হচ্ছে।