পদ্মার ভাঙনে বিলীন বিদ্যালয় হুমকির মুখে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পদ্মার ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পদ্মার ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে গেছে। এতে সড়কের পাশে টিন দিয়ে অস্থায়ীভাবে তৈরি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান চলছে। হুমকির মুখে আছে আরও একটি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবনসহ স্থানীয় ব্যক্তিদের বসতঘর।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, চলতি মাসের শেষের দিকে পদ্মার পানি আরও বাড়তে পারে। সে সময় আরও ভাঙার আশঙ্কা আছে।
ইসলামপুর এলাকার বাসিন্দা সূত্রে জানা যায়, দুই সপ্তাহ ধরে পদ্মায় পানি বাড়তে থাকে। সেই সঙ্গে দেখা দেয় ভাঙন। গত এক সপ্তাহে পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়েছে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা তিনটি ভবন। বিদ্যালয় থেকে একটু দূরে আরও তিনটি বাড়ি বিলীন হয়েছে। এসব বাড়ির সামনে পাকা সড়কের কিছু অংশও ভেঙে গেছে। তবে বাড়ির বাসিন্দারা ঘরবাড়ি ভাঙার আগেই মালামাল নিয়ে অন্যত্র সরে গেছেন।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, ১০ দিনের মধ্যে দুই দিনের ব্যবধানে বিদ্যালয়ের পাকা তিনটি ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। এগুলো ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রীদের সড়কের পাশে একটি ঘরের পাঠদান করা হচ্ছে।
ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৫০ জন। গত বছর বিদ্যালয়ের ভবন পদ্মায় তলিয়ে যায়। এরপর সড়কের পাশে টিন দিয়ে অস্থায়ীভাবে ছোট কয়েকটি কক্ষ করে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে।

এলাকাবাসী জানান, পদ্মার ভাঙনে হুমকির মুখে রয়েছে ফিলিপনগর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ অসংখ্য ঘরবাড়ি ও পাকা স্থাপনা।

দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সরেজমিনে খোঁজ নিয়ে ২৫টি পরিবারের তালিকা করা হয়েছে। তাঁরা এ বছর পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী নৈমুল হক বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে ১০ লাখ টাকা অনুমোদন পাওয়া গেছে। সেখান থেকে পাকা সড়ক ও মসজিদ রক্ষার জন্য নদীর পাড়ে বালুর বস্তা ফেলা হচ্ছে। এ ছাড়া ইসলামপুর এলাকায় ভাঙনরোধে সরকার ৮২ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছে। তবে এ কাজে অনেক শর্ত আছে। সে জন্য প্রকল্পের কাজ কবে শুরু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।