পদ্মার ভাঙনে ভিটেমাটি ছেড়েছে ১০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ভেঙে যেকোনো সময় পদ্মা নদীতে বিলীন হতে পারে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ভেঙে যেকোনো সময় পদ্মা নদীতে বিলীন হতে পারে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

পদ্মা নদীর আগাম ভাঙনে রাজবাড়ীর দুটি উপজেলার শতাধিক পরিবার ভিটেমাটি ছেড়েছে। ২০-২৫ দিনের ব্যবধানে এসব পরিবার বসতভিটা অন্যত্র সরিয়ে নিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এগুলোর চারটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে।
ভাঙনকবলিত গ্রামগুলো হলো সদর উপজেলার কাশেমনগর, নয়নসুখ, পূর্ব উড়াকান্দা, উড়াকান্দা, ভবদিয়া, সোনাকান্দর, মহাদেবপুর, বড়চরবেনীনগর, চরধুঞ্চি, চরজৌকুরি ও জৌকুরা এবং পাংশা উপজেলার চররামনগর, চরশাহমিরপুর, শাহমিরপুর, নতুনচরপাড়া, পূর্বচর আফড়া ও পূর্ব হাবাসপুর।
গত রোববার সরেজমিনে দেখা যায়, মাটির বড় বড় খণ্ড ধপাস করে বিলীন হচ্ছে নদীতে। এভাবে ভেঙে নদীতে চলে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। কেউ কেউ বাড়ির গাছপালা কেটে নিচ্ছেন। কেউবা ঘোড়ার গাড়ি ও নছিমনে করে বসতবাড়ির চালা, বেড়া, আসবাবসহ মালামাল সরিয়ে নিচ্ছেন। অনেকে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে মাথায় করে বসতবাড়ি সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত।
সদর উপজেলার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাংশার চররামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের একেবারে কাছে এসে পড়েছে নদী। এগুলো যেকোনো সময় বিলীন হতে পারে।
নয়নসুখ গ্রামের বাসিন্দা সুলতান শেখ বাড়ি ভেঙে রেললাইনের পাশে গিলটি এলাকায় নিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, পদ্মায় এবার আগাম ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে গাছপালা নদীতে চলে গেছে। তাই বাড়ি ভেঙে বাঁধের ভেতরে নিয়ে যাচ্ছি।
একই গ্রামের বাসিন্দা সোহাগী বেগম বলেন, ‘২০-২৫ দিন আগে বাড়ি ভেঙে ফেলেছি। এখন যেখানে আছি সেখানেও বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না। বর্ষার সময় মাঝেমধ্যে সাহায্য দেয়। কিন্তু ভাঙন ঠেকানোর জন্য তো কিছুই করা হয় না।’
ক্ষোভ প্রকাশ করেন জাবেদ শেখ। তিনি বলেন, ‘আপনারা তো ছবি তোলেন। ভাঙন থেকে বাঁচানোর জন্য তো কিছুই করেন না। বাড়ি থেকে নদী প্রায় ১০০ মিটার দূরে। দু-চার দিনের মধ্যেই বাড়ি সরিয়ে নিতে হবে।’
উড়াকান্দা গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, আগে তো শুধু বন্যা বা পানি কমার সময় নদীর ভাঙন দেখা দিত। এবার গ্রীষ্মকালেই ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে দেওয়ানবাড়ি এলাকার ছয়টি পরিবার অন্যত্র চলে গেছে। প্রতিদিনই ফসলি জমি বা বসতভিটা পদ্মার গর্ভে চলে যাচ্ছে।
পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসজাদ হোসেন বলেন, গত বছর কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল। নদী এখন বিদ্যালয় ভবন লাগোয়া। জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে প্রায় অর্ধশতাব্দীর পুরোনো বিদ্যালয় ভবনটি পদ্মায় হারিয়ে যাবে।
সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান বলেন, ভাঙন রোধে প্রয়োজন স্থায়ীভাবে নদীশাসন। প্রতিবছর বন্যার সময় অস্থায়ীভাবে কিছু কাজ হয়। এতে করে এলাকার মানুষের তেমন লাভ হয় না। এ অঞ্চলের মানুষ চায় স্থায়ী সমাধান।
পাংশার হাবাসপুর ইউপি চেয়ারম্যান আলীম মণ্ডল বলেন, গত বছরই চার-পাঁচটি গ্রামের অধিকাংশ বাড়িঘর ভেঙে গেছে। এবার বর্ষা শুরুর আগেই ভাঙন দেখা দিয়েছে। ইউনিয়নের মানচিত্রটি হয়তো এবার পরিবর্তন হয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক গৌরপদ সূত্রধর বলেন, নদীর তীর সংরক্ষণের জন্য একটি বড় প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে এখন পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য বরাদ্দ পাওয়া যায়নি। এতে করে বেড়িবাঁধ বা নদীর তীর সংরক্ষণের জন্য স্থায়ী সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
জেলা প্রশাসক শওকত আলী বলেন, ‘এখানে যোগদানের পরের দিনই আমি নদীভাঙন এলাকায় গিয়েছি। সমাধানের পথ দুটো। একটা স্বপ্লমেয়াদি আরেকটি দীর্ঘমেয়াদি। আপাতত বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলে স্বপ্লমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া নদীশাসনের জন্য দীর্ঘমেয়াদি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’