পদ্মার ভাঙনে মাওয়ার একটি ঘাট ও ১৫ দোকান বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ভাঙনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার ২ নম্বর ফেরিঘাট ও ১৫টি দোকান গতকাল মঙ্গলবার সকালে বিলীন হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ঘাটের ২০-২৫টি দোকান। বর্তমানে অন্য দুটি ফেরিঘাট চালু থাকলেও পদ্মার হুমকির মুখে পড়েছে পুরো ঘাট।এদিকে গত কয়েক দিনের ভাঙনে মাওয়ায় প্রায় ৫০ ফুট পাকা সড়ক বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়েছে লৌহজংয়ের কুমারভোগ ও গাউদিয়া ইউনিয়ন এবং ঘোড়দৌড় বাজার। ঘোড়দৌড় বাজারে হুমকির মুখে আছে মাওয়া-ঘোড়দৌড় সড়ক, উপজেলা পরিষদের আবাসিক ভবনসহ বেশ কিছু স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাট সূত্র জানায়, পদ্মায় প্রবল স্রোতের কারণে পানিতে প্রচণ্ড ঘূর্ণনের সৃষ্টি হয়েছে। এসব স্রোত ও ঘূর্ণনের কবলে পড়ে গতকাল সকাল ১০টার দিকে মাওয়ার ২ নম্বর ফেরিঘাটের প্রায় দেড় হাজার বর্গফুট এলাকা প্রায় ৪০ ফুট গভীরে দেবে যায়। জরুরি ভিত্তিতে পন্টুনসহ অন্যান্য স্থাপনা নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও ১৫টি দোকান নদীতে বিলীন হয়ে যায়।মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, পদ্মার ভাঙনে ২ নম্বর ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। যেকোনো সময় বাকি ঘাটেও ভাঙন দেখা দিলে ফেরি চলাচল একেবারেই বন্ধ হয়ে যেতে পারে।ঘাট পরিদর্শন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার গতকাল বিকেলে মাওয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।