পদ্মার ভাঙনে মাটি ধসে দুই ব্যক্তি নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামে পদ্মা নদীর ভাঙনে মাটি ধসে মোসলেম ফকির (৬৫) ও রশিদ সিকদার (৫৫) নামের দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে ভাঙনের সময় মাটি ধসে ১১ ব্যক্তি নদীতে পড়ে যান। নয়জন তীরে উঠতে পারলেও ওই দুজন স্রোতে ভেসে যান। তাঁদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি দল কলমিরচর গ্রামে নদীর তীরে অবস্থান করছে। এ ছাড়া গত শুক্রবার ওই এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন সচিন মালো (৫০) নামে এক জেলে।
কলমিরচর গ্রামের কৃষক রশিদ সিকদার গত মঙ্গলবার রাত আটটার দিকে তাঁর বাবার কবরটি দেখার জন্য নদীর তীরে যান। হঠাৎ তীরের চার-পাঁচ শতাংশ জায়গা ধসে পড়ে। এ সময় রশিদ সিকদারসহ ১১ ব্যক্তি নদীতে পড়ে যান। কলমিরচর গ্রামের পাশের ঈশ্বরকাঠি গ্রামের মোসলেম ফকির বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাতে বাদাম বিক্রি শেষে বাড়ি ফেরার পথে পদ্মার তীরের মাটি ধসে মোসলেম ফকির নিখোঁজ হন।
নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের লোকজন একটি ট্রলার নিয়ে নদীতে রয়েছেন। ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ও স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের দল কলমিরচর গ্রামে অবস্থান করছে। ভাঙনকবলিত এলাকা থেকে মানুষকে নিরাপদ দূরত্বে থাকার জন্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
১৫ দিন ধরে জাজিরার কলমিরচর গ্রামটি ভাঙনের কবলে পড়েছে। ১৫ দিনের ভাঙনে গ্রামটির পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ৮০০ একর ফসলি জমি। জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘ নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান করতে আমরা চেষ্টা চালাচ্ছি।’