পদ্মার ভাঙনে শরীয়তপুরে পাঁচ দিনে ৫৫০ পরিবার গৃহহীন

পদ্মার ভাঙনে গত পাঁচ দিনে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার সাতটি গ্রামের প্রায় ৫৫০টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনের হুমকিতে আছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। ভাঙনকবলিত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্র জানায়, বন্যার পর আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শরীয়তপুরে পদ্মায় ভাঙন শুরু হয়। কয়েক দফা ভাঙনে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার দেড় হাজার পরিবার গৃহহীন হয়েছে। গত রোববার থেকে জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের ইয়াসিন মাদবর কান্দি, সুরত খাঁর কান্দি, ভানু মল্লিক কান্দি, আজগর মুন্সি কান্দি, ইয়াকুব মুন্সি কান্দি, কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মেহের আলী মাদবর কান্দি গ্রামে ভাঙন শুরু হয়। পাঁচ দিনের ভাঙনে গ্রামগুলোর ৫৫০টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন-আতঙ্কে আছে আরও দেড় হাজার পরিবার। এ ছাড়া নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিরা উপজেলার আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, কুন্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাইজ্জারচর সমির উদ্দিন উচ্চবিদ্যালয় ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দত্ত বলেন, ‘বিদ্যালয়ের বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়েছে। যেকোনো সময় পাকা ভবনটি নদীতে চলে যেতে পারে। বিদ্যালয় থেকে একটু দূরে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে একটি ফসলি জমি ভাড়া নিয়েছি। সেখানে অস্থায়ীভাবে বিদ্যালয়ের কার্যক্রম চালু করা হবে। এ কারণে কিছুদিন শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।’
বৃহস্পতিবার নড়িয়া উপজেলার মেহের আলী মাদবর কান্দি ও জাজিরা উপজেলার কলমিরচর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষ তাদের বসতঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে খোলা আকাশের নিচে বসে আছে। আশপাশের গ্রামের রাস্তার পাশে ও ফসলি জমিতে জিনিসপত্র রেখেছে মানুষ।
নড়িয়া উপজেলার মেহের আলী মাদবর কান্দি গ্রামের বাসিন্দা রানু বেগম। স্বামী নুরুল ইসলাম নির্মাণশ্রমিক। সোমবার তাঁদের ফসলি জমি ও বসতবাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। রানু বেগম এখনো কোথাও আশ্রয়ের জায়গা পাননি। তিন শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। রানু বেগম বলেন, ‘অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালাচ্ছিলাম। সবকিছু পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এখন রাস্তায় গিয়ে দাঁড়ালাম। শিশুসন্তানদের নিয়ে কোথায় গিয়ে আশ্রয় নেব আল্লাহই জানেন।’
নড়িয়া উপজেলার মেহের আলী মাদবর কান্দি গ্রামের বাসিন্দা লতিফ খালাসি বলেন, ‘প্রতিবছর আমাদের ভাঙনের শিকার হতে হয়। সহায়সম্বল হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পথে পথে ঘুরি। গত পাঁচ বছরে তিনবার বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। রিলিফের (ত্রাণ) চাল ছাড়া আমাদের ভাগ্যে স্থায়ী কোনো সহায়তা জোটে না। আমরা রিলিফ চাই না। ভাঙন রোধের জন্য বাঁধ চাই।’
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ভাঙনকবলিত মানুষকে চাল ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। ভাঙন রোধে এ মুহূর্তে কিছু করণীয় নেই। ভবিষ্যতে ওই এলাকাগুলোতে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।