পদ্মার ভাঙনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে পানি কমতে শুরু করায় ভাঙন তীব্র হচ্ছে। এর প্রভাবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। প্রতিবছরই ভাঙন হওয়ায় এই এলাকায় নদী ক্রমেই জনবসতির দিকে এগিয়ে আসছে। এতে বসতভিটা, আবাদি জমি বিলীন হচ্ছে। ভাঙনের কবলে পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠান। হুমকিতে রয়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক।
সরেজমিন ঘুরে ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালবাড়িয়া রানাখড়িয়া ও শামুখিয়া গ্রামের পাশে ভাঙন বেশি। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক থেকে নদী প্রায় ৪০০ মিটার দূরে রয়েছে। আর শামুখিয়া-রানাখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী থেকে ১৫০ মিটার দূরে। এ বিষয়ে স্থায়ী সমাধানের দাবিতে গত রোববার বিকেলে স্থানীয় বাসিন্দা ও স্কুলের শিক্ষার্থীরা নদীতীরে মানববন্ধন করে।
নদী-তীরবর্তী তালবাড়িয়া গ্রামের আমেনা খাতুন বলেন, ‘এই নদী আমার বাড়িঘর পাঁচবার ভাঙিছে। আমরা তো এখানে আর বাসই করতে পারছিনে। সরকার যদি নদীর ব্যবস্থা না করে, তাহলে আমরা অসহায় মানুষ কুন জায়গায় যাব। আমার ঘরবাড়ি, জমিজাতি সবকিছু নদী শেষ করি দিছে। আমার আর কোনো কিছু নাই। আমরা এখন পথের ভিখারি হয়ে গেছি।’
কৃষক আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের জমিজায়গা যা ছিল তা ভাঙিচোর (বিলীন) হয়ে যাচ্ছে। উস্তে, করলা, সবজি ও জমির ধান সুদ্দ ভাঙি যাচ্ছে। আমরা বাস্তুহারা হয়ে গেছি। আমাদের কিছুই নাই।’
শামুখিয়া-রানাখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদুজ্জামান বলেন, বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। এটা বিলীন হলে এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে। বিদ্যালয় রক্ষা করতে এখনই ব্যবস্থা নিতে হবে।
তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান মণ্ডল বলেন, নদীভাঙনের কারণে গত ৩৬ বছরে তালবাড়িয়া ইউনিয়নের পাঁচ হাজার বাসিন্দা অন্যত্র চলে গেছে। ভোটারের সংখ্যাও ক্রমেই কমছে। এই এলাকা রক্ষা করতে হলে পদ্মার ভাঙন ঠেকানোর বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, তালবাড়িয়া এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা পদ্মা নদীর ভাঙনকবলিত হয়েছে। এতে পার্শ্ববর্তী জাতীয় মহাসড়কও হুমকির মুখে রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।
পাউবোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এখানে নদীভাঙন রোধে বড় ধরনের প্রকল্প নিতে হবে। এ জন্য মন্ত্রী-সাংসদদের জোরালো পদক্ষেপ প্রয়োজন।