পদ্মার ভাঙনে ৬৫০ পরিবার গৃহহীন হুমকিতে ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নে পদ্মার ভাঙনে গত এক মাসে ছয়টি গ্রামের প্রায় সাড়ে ৬০০ পরিবার গৃহহীন হয়েছে।
এ ছাড়া দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট হুমকির মুখে পড়েছে। এদিকে গত শুক্রবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রয়োজনে ঈদের আগেই ওই ঘাট স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত এক মাসে দৌলতদিয়ার কাচারীডাঙ্গা গ্রামের ১০০, কিয়ামদ্দিন মণ্ডলপাড়ার ১৪০, নোহারী মণ্ডলপাড়ার ১১০, ঢল্লাপাড়া গ্রামের ১৫০, আফজাল শেখের পাড়ার ১০০ ও জয়দার মণ্ডলপাড়ার ৫০টি পরিবার গৃহহীন হয়েছে। আরও ৩০০ পরিবার অন্যত্র চলে গেছে।
এ ছাড়া হুমকির মুখে রয়েছে লঞ্চ, ফেরিঘাটসহ দেড় হাজার পরিবার। ভাঙন অব্যাহত থাকলে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ঘাটসংশ্লিষ্ট লোকজন।
ভাঙনে গৃহহীন আজিবর মোল্যা বলেন, ‘ভাঙন প্রতিরোধে কেউ উদ্যোগ নিচ্ছে না। আমরা রিলিফ চাই না, স্লিপ চাই না, নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চাই।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ুব খান বলেন, গত কয়েক বছরের ভাঙনে দৌলতদিয়ার ১২টি মৌজা নদীগর্ভে বিলীন হয়েছে। তাঁর ওয়ার্ডে ভাঙনে তিনটি গ্রামের ৩০০ পরিবারের বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২ নম্বর ফেরিঘাটটি স্রোতের মুখে পড়ায় পন্টুনের নিচ থেকে মাটি ধসে তিনটি পকেটের মধ্যে এক সপ্তাহ ধরে একটি পকেট বন্ধ রয়েছে। বাকি দুটি পকেট চালু থাকলেও স্বাভাবিকভাবে ফেরি ভেড়াতে সাহস পান না মাস্টাররা। দ্রুত ঘাটটি স্থানান্তর করা দরকার।
দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, গত এক মাসে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ছয়টি গ্রামের সাড়ে ৬০০ পরিবার গৃহহীন হয়েছে। এ ছাড়া ঘাটসহ স্থানীয় ছাত্তার মেম্বারপাড়া, ছিদ্দিক কাজীর পাড়া ও মজিদ শেখের পাড়ার প্রায় দেড় হাজার পরিবার ভাঙন-আতঙ্কে রয়েছে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৭ মেট্রিক টন চাল ও ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দৌলতদিয়া থেকে পাংশা পর্যন্ত পদ্মা নদীর পাড় দিয়ে মেরিন ড্রাইভ নির্মাণ-সংক্রান্ত প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি নির্মিত হলে নৌপথে আন্তজেলা যোগাযোগব্যবস্থার উন্নতি, নদীশাসনসহ ভাঙন রোধ হবে।