
পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুরের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন-আতঙ্কে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। যেকোনো সময় বিদ্যালয়ের ভবনগুলো নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেদরগঞ্জ উপজেলার চরভাগা হাওলাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোসাইরহাট উপজেলার ৮৮ নম্বর সৈয়লপাড়া নান্নু মুন্সি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনের কবলেপড়েছে। চর নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন, চরভাগা হাওলাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ও সৈয়লপাড়া নান্নু মুন্সি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন রয়েছে।
চর নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট পাকা ভবনটি ২০১০ সালে নির্মাণ করা হয়। পদ্মার ভাঙনে বিদ্যালয়টির খেলার মাঠ বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে নদী বিদ্যালয়ের ভবন দুটির কাছে চলে এসেছে। ভাঙনের হুমকিতে পড়েছে বিদ্যালয়ের একটি পাকা ও একটি টিনশেড ভবন। নদীভাঙনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। পদ্মার ভাঙনের কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থী কমছে। ২০১২ সালে বিদ্যালয়টিতে ৪৭৫ জন শিক্ষার্থী ছিল। ২০১৩ সালে তা কমে ৩০৭ জন হয়েছে। ২০১৪ সালে শিক্ষার্থী ছিল ২২১ এবং ২০১৫ সালে ২৮২ জন। বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ১৮৫ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘চার বছর আগে বিদ্যালয় থেকে নদী ৫০০ মিটার দূরে ছিল। প্রতিবছরই নদী ভেঙে ভেঙে বিদ্যালয়ের কাছে এসেছে। আমরা সব সময় আতঙ্কে থাকি। আতঙ্কে বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অন্যত্র চলে যাচ্ছে। প্রতিবছরই শিক্ষার্থী কমছে।’
গত শনিবার চর নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত। শিশুরা ভয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বাইরে আসে না। নদীভাঙনের কারণে অনেক শিক্ষার্থী আতঙ্কে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান, পঞ্চম শ্রেণির লামিয়া খানম ও সুজন মিয়া বলে, ‘আমাদের স্কুলের সামনে পদ্মা নদী। স্কুলে আসতে ভয় লাগে, ক্লাসে বসে সব সময় নদীর দিকে তাকিয়ে থাকি। বাড়ি থেকে এসে ক্লাসে বসে থাকতে হয়। বিদ্যালয়ের মাঠ নদীতে চলে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারছি না।’
বিদ্যালয়ের পাশের সাহেবের চর গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘নদীটি বিদ্যালয় ভবনের কাছে চলে এসেছে। যেকোনো সময় পদ্মায় বিলীন হয়ে যেতে পারে। আতঙ্কে আমার দুই শিশুসন্তানকে অন্য বিদ্যালয়ে নিয়ে ভর্তি করেছি।’
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তিনটি বিদ্যালয় পদ্মা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে। যেকোনো সময় ভবনগুলো বিলীন হয়ে যেতে পারে। শিশুদের যাতে পড়ালেখা ব্যাহত না হয় সে জন্য বিকল্প ব্যবস্থা করে রাখা হয়েছে। একটি বিদ্যালয়ের পাকা ভবন ভেঙে নেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।