পদ্মার ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
পদ্মার ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। গত দু-তিন সপ্তাহে দৌলতদিয়া ৪ নম্বর ঘাটের অনেকাংশ বিলীন হয়ে গেছে। আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গত বছরের মতো এবারও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হতে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়ার উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ফেরিঘাট রক্ষায় সম্প্রতি বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে চারটি গুচ্ছে (প্যাকেজ) প্রায় আড়াই কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়। এরপর ৪ এপ্রিল থেকে ফেরিঘাটের ৪৫০ মিটার দৈর্ঘ্যের এলাকায় বল্লি পাইলিং মারা ও বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে প্রস্তাবিত ১ নম্বর ফেরি ও লঞ্চঘাটের মাঝামাঝি স্থানে নতুন দুটি ফেরিঘাট নির্মাণ করতে পারছে না বিআইডব্লিউটিএ। সড়ক ও জনপথ (সওজ) এখনো সড়ক নির্মাণ না করায় ঘাট দুটি নির্মাণ করা যাচ্ছে না। এ ছাড়া ২ থেকে ৪ নম্বর ঘাট পর্যন্ত এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা প্রয়োজন। অন্যথায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ৩ ও ৪ নম্বর ঘাট যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে।
গতকাল রোববার সকালে দেখা যায়, বিআইডব্লিউটিএ ২ নম্বর ঘাটের পাশে মিড ওয়াটার লেভেলে ঘাট নির্মাণ করছে। পাশাপাশি ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে ৪ নম্বর ঘাটের কাছে ভাঙন আরও বেড়েছে। ঘাট এলাকার বেশ কয়েকটি পরিবার আতঙ্কিত হয়ে অন্যত্র চলে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, ২ ও ৩ নম্বর ঘাটের মধ্যবর্তী স্থানে বড় পুকুরের মতো গর্ত হয়েছে। ৪ নম্বর ঘাটে ভাঙন শুরু হয়েছে। ঘাটের সামনে থাকা চর ভেঙে পানির স্রোত সরাসরি ঘাটে আঘাত হানছে। এতে ঘাট ভেঙে যাচ্ছে।
লঞ্চঘাট মালিক সমিতির প্রতিনিধি মোহাম্মদ আলী বলেন, ১ থেকে ৪ নম্বর ঘাট পর্যন্ত পাইলিং করে জিও ব্যাগ ফেললে ঘাটসহ চার-পাঁচ হাজার মানুষের ঘরবাড়ি রক্ষা পাবে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ফেরিঘাট সচল রাখার জন্য স্থায়ীভাবে মেরামত করা প্রয়োজন। নতুন ফেরিঘাটের প্রস্তাবিত রাস্তার ওপর অবস্থিত পরিবারগুলোকে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করতে হবে। এ ছাড়া জরুরি ভিত্তিতে ৪ নম্বর ঘাট রক্ষায় জিও ব্যাগ ফেলা প্রয়োজন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, দেবগ্রাম ইউপির চেয়ারম্যানের বাড়ির সামনে মরা পদ্মায় বাঁধ দেওয়ায় ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধ দেওয়ার আগে এভাবে ফেরিঘাট ভাঙেনি। তাই বাঁধটি অপসারণ করা প্রয়োজন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর বলেন, আপাতত ফেরিঘাটে কাজ করার জন্য কোনো বরাদ্দ নেই। ফলে জিও ব্যাগ ফেলা সম্ভব হচ্ছে না। বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
সওজ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত নতুন ফেরিঘাটের জন্য জমি বুঝে পেয়েছি, কার্যাদেশও দেওয়া হয়েছে। রাস্তার ওপর কিছু বাড়িঘর আছে। কিন্তু সম্প্রতি একটি পরিবার আদালতে মামলা করায় জটিলতার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে আপস-মীমাংসা করে বাড়িঘরগুলো সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করা হয়েছে। সমাধান হলেই দ্রুত রাস্তার কাজ শুরু করা যাবে।’
জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বলেন, দৌলতদিয়া ঘাট সার্বক্ষণিক সচল রাখা শুধু একটি বিভাগের বিষয় নয়। এটি সবার সমন্বয়ের বিষয়। প্রস্তাবিত নতুন দুটি ফেরিঘাট নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করাসহ আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে। আর দেবগ্রামের বাঁধের বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।