পদ্মার ভাঙনের কবলে সুজানগরের ১০টি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার পদ্মা-তীরবর্তী ১০টি গ্রাম ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক শ পরিবার। এলাকাবাসীর অভিযোগ, ভয়াবহ ভাঙনে বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল রোববার সকালে সরেজমিনে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নারুহাটি গ্রামে দেখা গেছে, পানির তীব্র স্রোতে পাঁচ-সাত মিনিট পর পর ভেঙে পড়ছে বসতভিটা ও ফসলি জমি। এলাকাবাসী ব্যস্ত তাঁদের সম্পদ রক্ষায়। এলাকাবাসী জানান, এই বছর বর্ষা মৌসুমের শুরুতে যখন নদীতে পানি বাড়ছিল, গ্রামগুলো তখন একবার ভাঙনের কবলে পড়ে। এখন পানি কমতে শুরু করায় ভাঙন আবার ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহে শুধু নারুহাটি গ্রামের প্রায় ১০০ পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মোহনপুর, নয়াগ্রাম, কামারহাট, গোপালপুর ও গৌরিগ্রাম; সাতবাড়িয়া ইউনিয়নের সিংহনগর ও হরিরামপুর এবং মানিকহাট ইউনিয়নের রাইপুর ও মাছপাড়া গ্রাম ভাঙনের কবলে পড়েছে। মোহনপুর গ্রামের আবু বক্কর বলেন, এ বছর ১০টি গ্রামের অর্ধেকের বেশি নদীতে বিলীন হয়েছে। শিগগিরই ভাঙন রোধ করা না গেলে নদীর তীরের সবগুলো গ্রামই বিলীন হয়ে যাবে। নারুহাটি গ্রামের খলিল উদ্দিন বলেন, ‘বছর বছর ভাঙনে বেবাক কিছু হারাইচি। গত ১০ বছরে সাতবার বাড়িঘর ভাঙছে। যা অবশিষ্ট ছিল, ইবার তাও নদীত গেল। এহন পরিবার-পরিজন লিয়ে পথে বসা ছাড়া গতি নাই।’ এলাকাবাসীর অভিযোগ, ভয়াবহ এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গত দুই বছরে ভাঙনকবলিত পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে ৩০০ মিটারে জিও ব্যাগ ফেলা ছাড়া আর কোনো কাজ হয়নি। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নূরুল ইসলাম বলেন, ‘আমরা ভাঙনকবলিত এলাকাগুলো ঘুরে দেখেছি। সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি জানে। কিন্তু কেন ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা জানি না।’ পাউবো বেড়া-সুজানগর এলাকার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, পদ্মা-যমুনার ভাঙন রোধে প্রায় ২০৯ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ কোটি টাকার ব্লক ও জিও ব্যাগ ফেলার কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।