পদ্মার ভাঙনের ঝুঁকিতে ঈশ্বরদীর দুটি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনের মুখে পড়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া উচ্চবিদ্যালয় ও আড়ামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকির মধ্যেই লেখাপড়া করছে শিক্ষার্থীরা।
আড়ামবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ বিশ্বাস জানান, পদ্মার তীর ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের মূল ভবনের কাছে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ ভাঙনে গত দুই বছরে বিজ্ঞান ভবন, একটি শ্রেণিকক্ষ, শহীদ মিনার, মসজিদ ও বিদ্যালয়ের এক একর ৭২ শতক জায়গার অর্ধেক বিলীন হয়েছে। বর্তমানে মূল ভবনটিও ভাঙনের মুখে। নদীতে বাঁধ নির্মাণের জন্য তাঁরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে অনুরোধ করেছেন। কিন্তু বাঁধের নির্মাণকাজ এখনো শুরু না হওয়ায় তাঁরা ভীষণ চিন্তিত।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহাবুল আলম সরদার জানান, তিনি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, শিগগিরই সাঁড়ায় বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, আড়ামবাড়িয়া উচ্চবিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ৪৬০ জন শিক্ষার্থী এবং একটি দোতলা ও আরেকটি একতলা পাকা ভবন রয়েছে। মাঠের উত্তর পাশে অবস্থিত আড়ামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, এ বিদ্যালয়ে ৪০৮ জন শিক্ষার্থী রয়েছে। তীর ভাঙতে ভাঙতে নদী বিদ্যালয়ের কাছে চলে এসেছে। বিদ্যালয় মাঠের ৭০ শতক জমি নদীগর্ভে চলে গেছে। আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শিক্ষকেরা জানান, নদী কাছে চলে আসায় নিরাপত্তার জন্য এখন আর শিশুদের মাঠে নামতে দেওয়া হয় না। তাদের মাঠে খেলাও বন্ধ রয়েছে।
সম্প্রতি এক সকালে সরেজমিনে দেখা যায়, আড়ামবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দোতলা ভবনটি বর্তমানে নদী থেকে চার-পাঁচ গজ এবং প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি প্রায় ২০ গজ দূরে আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ও নিচতলার শ্রেণিকক্ষ ও বারান্দায় শিশুরা খেলাধুলা করছে।
এ সময় দশম শ্রেণির ছাত্রী পিয়া খাতুন বলে, ‘ভীষণ ভয়ে আছি, কখন যে ভবনটি ভেঙে পড়ে। সামনে এসএসসি পরীক্ষা। আমরা যে কোথায় যাব, কোথায় ক্লাস করব? এ চিন্তায় ভালোমতো লেখাপড়া হচ্ছে না।’
এলাকার বাসিন্দা লালু পাল জানান, প্রতিবছর পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও কমে যাওয়ার সময় ভাঙন তীব্র আকার ধারণ করে। এবারও একইভাবে নদীর পাড় ভাঙছে।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ মেরামত করলে আগামী বছরের মধ্যে আর এখানে সমস্যা থাকবে না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন এলাকায় পদ্মার বাঁ তীরে বাঁধ নির্মাণের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে দেড় কিলোমিটার দীর্ঘ নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।