পদ্মার ভাঙনের মুখে ১০ গ্রাম ও তিনটি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ১০টি গ্রাম ও তিনটি বাজার। পাঁচ দিনে এলাকাগুলোর দুই শতাধিক বসতবাড়ি ও এক হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে বাজার তিনটির ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের হুমকির মধ্যে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। ভাঙনের কবল থেকে বিদ্যালয় বাঁচানোর দাবিতে গত মঙ্গলবার শিক্ষার্থীরা নদীতীরে মানববন্ধন করে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হঠাৎ করে নদীর পানি বাড়তে থাকে। গত শুক্রবার থেকে ভেদরগঞ্জ উপজেলার ১০টি গ্রামে পদ্মার ভাঙন শুরু হয়। পাঁচ দিনের ভাঙনে নোয়াব আলী সরকারকান্দি গ্রামের ৩০টি, কানুনগো সাহেবকান্দি গ্রামের ৩০, বাঘাকান্দি গ্রামের ২৫, মোল্লাকান্দি গ্রামের ২৫, গাইনকান্দি গ্রামের ২০, গাজীকান্দি গ্রামের ২০, দেওয়ানকান্দি গ্রামের ২৫, বেপারিকান্দি গ্রামের ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামগুলোর প্রায় এক হাজার একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।এদিকে চেয়ারম্যান স্টেশন বাজারের ২৫টি, গৌরাঙ্গ বাজারের ১৫ ও ছুরির চর বাজারের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্থাপনা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারগুলোর আরও শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। ছুরির চর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ৪১ নম্বর ছুরির চর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি দ্বিতল পাকা ভবন ও হাজি জামাল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ভবন পদ্মা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে। ভাঙনের কবল থেকে বিদ্যালয় বাঁচানোর দাবিতে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নদীর তীরে মানববন্ধন করেছে। গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামগুলোয় গিয়ে দেখা যায়, গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি, আসবাব, গবাদিপশু অন্যত্র সরিয়ে নিচ্ছে। বাগানের গাছ কেটে নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের কোনো সহায়তা করা হয়নি। শরীয়তপুর পাউবোর অর্থ বরাদ্দ না থাকায় নদী ভাঙনরোধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। নোয়াব আলী সরকারকান্দি গ্রামের কালু মিজি ও মঙ্গল মিজি বলেন, ‘পদ্মা নদীতে আমাদের ফসলি জমি, বসতবাড়ি বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। বাকি জীবন এখন কোথায়-কীভাবে থাকব আল্লাহই জানে।’ ছুরির চর বাজারের ব্যবসায়ী সিরাজ মিয়া বলেন, ‘হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। রাতে বাড়িতে ছিলাম, সকালে এসে দেখি দোকান নদীতে পড়ে আছে। স্থানীয় মানুষের সহায়তায় মালামাল উদ্ধার করেছি।’ ছুরির চর বেপারিকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব বেপারি বলেন, নদী থেকে বিদ্যালয়টির দূরত্ব মাত্র ১৫ গজ। বিদ্যালয়ের পাকা দ্বিতল ভবনটি হুমকির মধ্যে রয়েছে। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুছ মোল্লা বলেন, পদ্মার ভাঙনে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদকে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর আমরা ত্রাণ বিতরণ করব।’