পদ্মার ভাঙনের হুমকিতে ১৫ গ্রাম
রাজশাহীর বাঘা উপজেলায় কয়েক বছর ধরে পদ্মার ভাঙন তীব্রতর হয়েছে। গত বছর শতাধিক ঘরবাড়ি ভাঙনকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবার সারানো হয়েছে প্রায় অর্ধশত। ভাঙনের হুমকির মুখে রয়েছে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ১৫টি গ্রাম।
গ্রামগুলো হলো চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষ্মীনগর, দিয়ারকাদিরপুর, করারী নওশারা, ফতেপুরপলাশী, জোতাসী, পলাশী ফতেপুর, উদপুর, দাদপুর, খামারচৌহদ্দি, গড়গড়ি, কামালদিয়াড়, আবদালপুর ও ইউসুফপুর। এসব গ্রামে রয়েছে সাতটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েক শ বিঘা আমবাগান।
এলাকাবাসীর দাবি, গ্রামগুলোর উজানে তিনটি ‘টি গ্রোয়েন’ নির্মাণ করা হলেই ভাঙন থেকে গ্রামগুলো বাঁচানো যেতে পারে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছরের ভাঙনে চকরাজাপুর গ্রামটি প্রায় শেষ হয়ে গেছে। গত বছর চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চকরাজাপুর উচ্চবিদ্যালয়টি এর আগের বছর সরিয়ে কালিদাসখালীতে আনা হয়েছে। গত বছর এখানে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এবার নদী ভাঙতে ভাঙতে এই বিদ্যালয়ের নতুন ভবনের প্রায় ২০০ গজের মধ্যে চলে এসেছে। এ ছাড়া ভাঙনের হুমকিতে রয়েছে পলাশী ফতেপুর উচ্চবিদ্যালয়ের পাকা ভবন ও ওই ইউনিয়েনর সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামগুলোতে শত শত বিঘা জমিতে আমের বাগান করা হয়েছে। প্রতিদিনই ১০ থেকে ২০টি করে আমগাছ নদীর ভাঙনে বিলীন হচ্ছে।
উপজেলার কলিগ্রামেরআমবাগান মালিক আসাফুদ্দৌলা বলেন, কালিদাসখালী ও কলিগ্রামের মাঠে তাঁরা প্রায় ৬০ বিঘা জমিতে আম, ৮০ বিঘায় পেয়ারা ও ৭০ বিঘায় কুল চাষ করেছেন। এখন সবই নদীতে ভেঙে যাচ্ছে। খালিদাসখালীর মাসুদ রানা বলেন, তাঁদের পাঁচ বিঘার আমবাগান রয়েছে। এই আমবাগানের এক-চতুর্থাংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।
গত শক্র ও শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, মানুষ অন্যত্র বাড়িঘর সরিয়ে নিতে ব্যস্ত। আমগাছ নদীর ভেতরে ভেঙে পড়ছে। কেউ কেউ গাছের ডালপালা কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
কালিদাসখালী গ্রামের আবদুল মজিদ বলেন, তাঁদের তিন ভাইয়ের ঘর-ভিটা, সাত বিঘা আবাদি জমি, আমগাছ, নারকেলগাছ ও ১২০টি খেজুরগাছ নদীতে বিলীন হয়েছে। তাঁদের বাড়িঘর করার মতো আর জায়গা নেই। এখন অন্যের জমি ২০ হাজার টাকা বছর হিসাবে ইজারা নিয়ে বাড়ি করতে হচ্ছে। চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার। তিনি বলেন, অন্যের জমি ইজারা নিয়ে এবার বাড়ি করেছেন। এ বছরই চকরাজাপুরের অর্ধশত বাড়িঘর নদীতে ভেঙে গেছে। প্রতিদিনই ভাঙন অব্যাহত রয়েছে। ফসলি জমি ও আমবাগানের ভাঙনও অব্যাহত রয়েছে।
চকরাজাপুর ইউপির কাজ চলছে চেয়ারম্যান আজিজুল আযমের বাড়িতেই। এক বছর আগে নতুন এই ইউনিয়ন করা হয়েছে। তিনি বলেন, উপজেলার আলাইপুর ও পাকুড়িয়ায় তিনটি ‘টি গ্রোয়েন’ নির্মাণ করতে পারলেই নদীর প্রবাহ দক্ষিণে সরে যাবে।
রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ‘টি গ্রোয়েন’ এখন আর তাঁরা করছেন না। তবে ড্রেজিং করার পরিকল্পনা তাঁদের রয়েছে। এতে স্থানীয় লোকজনের উপকার হবে।