পদ্মার মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানিকে কার্যাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।
চায়না মেজর ব্রিজ পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে ১২ হাজার ১৩৩ কোটি টাকা দর প্রস্তাব করেছিল। গত ২২ মে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার চায়না মেজর ব্রিজের নিয়োগ অনুমোদন দেন। এর পরই গতকাল ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দিয়ে চিঠি দেওয়া হয়।
২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পদ্মা সেতু প্রকল্পের জন্য যে সংশোধিত প্রস্তাব (আরডিপিপি) অনুমোদন করা হয়, তাতে মূল সেতুর জন্য ব্যয় ধরা হয়েছিল আট হাজার ৩৬১ কোটি টাকা। সেতুর মূল কাঠামো নির্মাণে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও একমাত্র চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়।
ওবায়দুল কাদের গতকাল বলেন, এখন কাজ শুরু করতে আর কোনো অসুবিধা নেই। শিগগিরই চুক্তি করা হবে। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে ‘লিমিট রেঞ্জ’ ১৬ হাজার কোটি টাকা রাখা হয়েছিল।
সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতুর নকশা প্রণয়ন ও ঠিকাদার নিয়োগ-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ ছিল, সর্বশেষ প্রাক্কলিত ব্যয়ের ২০ শতাংশ বেশি দর এলেও তা গ্রহণ করা যায়। এটাকেই বলা হচ্ছে ‘লিমিট রেঞ্জ’। সর্বশেষ ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা।