পদ্মার সেই বাঁশের বেড়া জেলেরাই তুলে ফেললেন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের সাজাপুরে পদ্মা নদীতে দেওয়া সেই বেড়া জেলেরাই তুলে ফেলেছেন। গত রোববার প্রথম আলোয় ‘পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে প্রতিবেদন ছাপা হওয়ার পরই তাঁরা ওই বেড়া তুলে ফেলেন। এদিকে গতকাল সোমবার উপজেলা মৎস্য বিভাগ থেকে বাঁশের বেড়া উচ্ছেদে জেলেদের নোটিশ দেওয়া হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেদন ছাপা হওয়ার পর জেলেরা রোববার থেকেই ওই বেড়া তুলতে শুরু করেন। গতকাল সকালের মধ্যে তাঁরা সম্পূর্ণ বেড়া সরিয়ে ফেলেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল সকালে বেড়া তুলে নিতে জেলেদের তিন দিনের একটি নোটিশ দেওয়া হয়।
কার্যালয়ের কর্মচারী কোরবান আলী ওই নোটিশ নিয়ে গিয়ে দেখেন জেলেরা নিজেরাই বাঁশের বেড়া তুলে ফেলছেন।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, নিয়ম অনুযায়ী প্রথমে আমরা পত্রিকায় যেসব জেলের নাম এসেছে তাঁদের নামে নোটিশ পাঠানো হয়েছিল।