পদ্মার সেই বেড়া অপসারণ করলেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপ-জেলার দেবগ্রাম ইউনিয়নের সাজাপুর এলাকায় পদ্মা নদীতে দেওয়া বাঁশের বেড়া বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকালে জেলেরা অপসারণ করেছেন।‘পদ্মায় ফের বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দিনই উপজেলা মৎস্য কর্মকর্তাসহ একটি দল সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পায়। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে গেলে জেলেরা নিজেরাই এক দিনের মধ্যে বেড়ার সব জাল ও বাঁশ তুলে ফেলার প্রতিশ্রুতি দেন।শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীতে কোনো বাঁশের বেড়া নেই। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ বলেন, মৎস্য অফিসের অগোচরে মাঝেমধ্যে একটি চক্র এভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করে; যা সম্পূর্ণ অবৈধ। বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাঁধগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতি ও গতকাল শুক্রবার বেড়া ও জাল জেলেরা নিজেরাই সরিয়ে নিয়েছেন।