পদ্মার সেই বেড়া সরিয়ে নিলেন জেলেরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে দেওয়া বাঁশের বেড়া গতকাল বৃহস্পতিবার নিজ দায়িত্বে সরিয়ে ফেলেছেন জেলেরা। একই নদীতে দেওয়া আরেকটি বেড়া গতকাল অপসারণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মৎস্য অধিদপ্তর, স্থানীয় জেলে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নদীতে বাঁধ বা বেড়া দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু গোয়ালন্দের দৌলতদিয়ার জয়নাল খাঁর পাড়া (ধল্লাপাড়া) এলাকায় পদ্মায় আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করছিলেন ছয়জন জেলে। এ ঘটনা নিয়ে ‘পদ্মা নদীতে বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মজিনুর রহমানের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর দৌলতদিয়া নৌ-পুলিশের সহায়তায় গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে থাকা প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের বেড়া অপসারণ করা হয়।